বন্ধ হয়ে যাচ্ছে বিমানের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট
অবশেষে লোকসানে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে।
ওই সিদ্ধান্তের কথাই সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানিয়েছে বিমান।
বৈঠক শেষে এই তথ্য জানিয়ে কমিটির সভাপতি ফারুক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রীর সংখ্যা কম হওয়ার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সাত বছর বন্ধ থাকার পরে চলতি বছরের ৩১ মার্চ চালুর পর রোম হয়ে জার্মানির বাণিজ্যিক নগরী ফ্রাঙ্কফুর্টে সপ্তাহে দুটি করে ফ্লাইট চালাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান।
বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই রুটে অনেক দিন থেকেই লোকসান হচ্ছে; প্যাসেঞ্জার বাড়ছে না, খরচও উঠে আসছে না।
“আমরা চাচ্ছিলাম কাঠমণ্ডু, কলকাতা কিংবা সিঙ্গাপুরকে এই রুটের সঙ্গে কানেক্ট করতে। কিন্তু আমরা সফল হইনি, যার কারণে বোর্ড ফ্লাইটটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।”
বিমান কর্মকর্তারা জানান, ঢাকা-ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট চালুর পর থেকে সপ্তাহে ৭০ লাখ টাকার হিসেবে গত ২৩ অগাস্ট পর্যন্ত মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১৪ কোটি ৭০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন লোকসানে থাকা এই রুটটি বন্ধ করা হবে ‘না’ বলে জানিয়েছিলেন।
গত ২৫ অগাস্ট সংসদীয় কমিটির বৈঠকে লোকসান দিয়ে ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুট চালু রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলে বিমানের কর্মকর্তারা জানান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিল পর্যাপ্ত পর্যালোচনা করে রুটটি চালু করেন।
তখন সংসদীয় কমিটির ফারুক বলেন, “বিমান কর্মকর্তাদের এই জবাব দুঃখজনক। একটি রুটের জন্য একজন কর্মকর্তা দায়ী থাকতে পারেন না। এখানে পুরো সংস্থার দায় আছে।”
পরে গত ২৩ সেপ্টেম্বর সংসদীয় কমিটি বিমান বাংলাদেশের লোকসানি পথে উড়োজাহাজ চলাচল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়ার সুপারিশ করে।
সংসদীয় কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদ রুটটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
কার্যপত্রে বলা হয়েছে, বিমানের লোকসানি রুটগুলো পর্যায়ক্রমে বন্ধ করে সম্পৃক্ত উড়োজাহাজগুলো লাভজনক পথে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির সভাপতি ফারুক খান জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ঢাকা-লন্ডন রুটে আরো একটি ফ্লাইট বাড়িয়ে সপ্তাহে চারটি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান।
এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে সপ্তাহে দুটি ফ্লাইট চালানোর বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
“বাণিজ্যিকভাবে লাভজনক হলে ২০১৫ সালের মধ্যে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করা হবে। এছাড়া ঢাকা-গুয়াংজু রুটেও একই সময়ে ফ্লাইট চালু করা হবে।”
ফারুক খান বলেন, “অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে কোন রুটে বিমানের কোন ফ্লাইট ছাড়তে দেরি হলে আগামী ডিসেম্বর মাস থেকে যাত্রীদের এসএমএস’র মাধ্যমে জানানোর সুপারিশ করা হয়েছে।”
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য রাশেদ খান মেনন, মো. আলী আশরাফ, তানভীর ইমাম ও মো. নজরুল ইসলাম চৌধুরী অংশ নেন।
