২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজের বাজারে অস্থিরতার আশঙ্কা

ভারত ১৫ দিনের মাথায় রপ্তানি মূল্য দ্বিতীয়বারের মতো বাড়ানোর ঘোষণা দেয়ায় রমজানের এই সময়ে বাংলাদেশে পেঁয়াজের বাজারে অস্থিতিশীলতার আশঙ্কা করছেন আমদানিকারকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 12:57 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার ভারতের ‘ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া (ন্যাফেড)’ প্রতি মেট্রিক টন পেঁয়াজের রপ্তানি মূল্য ২০০ ডলার বাড়িয়ে ৫০০ ডলার নির্ধারণ করে।

বাংলাদেশে রমজানে যখন পেঁয়াজের চাহিদা বেশি থাকে, তখন ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশে নেতিবাচক প্রতিক্রিয়া পড়বে বলে ব্যবসায়ীদের শঙ্কা।

যশোরের আমদানিকারক ‘আহমেদ এন্টারপ্রাইজের’ ব্যবস্থাপক তুহিন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনশ’ ডলার মূল্যে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বন্দরেই প্রতি কেজির দাম প্রকার ভেদে ২৪/২৫ টাকা পড়েছিল। নতুন করে পাঁচশ’ ডলার মূল্যে আমদানি করলে কেজিপ্রতি দাম পড়বে ৩৫ থেকে ৪০ টাকা।

“বর্তমানে বাজারে পেঁয়াজের দাম এমনিতেই অস্থিতিশীল। এখন দেশি পেঁয়াজের বাজার আবারো অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।”

খুলনার পেঁয়াজ আমদানিকারক মিল্টন সাহা বলেন, “ভারত সরকার দ্বিতীয় দফা দাম বাড়ানোর ফলে আমাদের আমদানি ব্যয় আরো বেড়ে যাবে, যার প্রভাব দেশের পেঁয়াজ বাজারে গিয়ে পড়বে।”

এর আগে গত ১৭ জুন পেঁয়াজের রপ্তানি মূল্য ১৫০ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার করেছিল ভারত।

বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা ২৩ লাখ টন বলে ধরা হয়। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছর ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ওই সময়ে আমদানি হয়েছিল ৫ লাখ টনের বেশি।

রমজান শুরুর আগে গত মাসের শেষ দিকে বাজারে পেঁয়াজের দাম কিছুটা বেড়ে যায়।

ভারতের রপ্তানিকারকরা বলছেন, তাদের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তা ঠেকাতে রপ্তানিমূল্য বাড়ানো হয়েছে।  

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়াড়িং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত মাস থেকে ভারতে পেঁয়াজের সঙ্কট চলছিল। দক্ষিণ ভারতের নতুন পেঁয়াজের আগমনও পেঁয়াজের মূল্য কমাতে পারেনি।

“ফলে রপ্তানি নিরুৎসাহিত করে ভারতের স্থানীয় বাজার ঠিক রাখতেই সরকারের পরামর্শে পেঁয়াজের রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে ন্যাফেড।”

নতুন মূল্যে পেঁয়াজ রপ্তানির নির্দেশনা দিয়ে একটি ফ্যাক্স বার্তা বুধবারই দিল্লি থেকে পেট্রাপোল এলসি স্টেশনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন কার্ত্তিক চক্রবর্তী।

পুরনো খবর:

পেঁয়াজের দাম বাড়িয়েছে ভারত
পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধির প্রভাব বাজারে
চড়ছে আলু-পেঁয়াজের দাম