২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজের রপ্তানি মূল্য বৃদ্ধির প্রভাব বাজারে

ভারতে রপ্তানি মূল্য বাড়ানোর প্রভাবে বাংলাদেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 07:36 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

গত ১৭ এপ্রিল ভারতের বাণিজ্যমন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৩০০ ডলার বেঁধে দেয়।    

ওই সময় বাংলাদেশের বাজারে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছিল। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিলো প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা দরে।

শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে, এই দুই ধরনের পেঁয়াজের দামই কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে।

পেঁয়াজের দাম বৃদ্ধির শঙ্কা নাকচ করে দিয়ে গত বুধবারও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছিলেন, “দেশে যথেষ্ট পেঁয়াজ মজুত রয়েছে। ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন ফলে রমজানের বাজারে পেঁয়াজের দাম বাড়বে না।”

পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ মালিক সমিতির সভাপতি মো. সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পেঁয়াজের আমদানি মূল্য বেড়েছে, আবার পরিবহন খরচও বেড়েছে। এছাড়া বৃষ্টির কারণে মাল আসছে কম। যে কারণে সামান্য দাম বেড়েছে।”

মহাখালী কাঁচাবাজারের ব্যবসায়ী মনির আহমেদ বলেন,“ভারতের পেঁয়াজের দাম বাড়ানো, রমজানের অতিরিক্ত চাহিদা, বর্ষাসহ বিভিন্ন কারণেই পেঁয়াজের দাম বেড়েছে। তবে এর চেয়ে আর বাড়বে বলে মনে হয় না।”

এছাড়া বাজারে বেড়েছে আলুর দাম। বর্তমানে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা। এক সপ্তাহ আগেও প্রতিকেজি আলু ২০ থেকে ২২ টাকা দরে পাওয়া গেছে।

আলুর দাম বাড়ার জন্য অবশ্য সরবরাহ কমে যাওয়াকে কারণ হিসেবে মনে করছেন মো. সাঈদ।

এদিকে রমজান মাসে সরবরাহ ও দাম স্থিতিশীল রাখার জন্য সরকার বেগুন, শশা, কাঁচা মরিচ, রসুন ও ধনেপাতা রপ্তানি বন্ধ করলেও এসব পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে।

প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায় আর লম্বা বেগুন ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শশা ২৫ থেকে ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, রসুন ৭৫ থেকে ৮০ টাকা, ধনে পাতা ২০০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।