চড়ছে আলু-পেঁয়াজের দাম
মৌসুম শেষ হতে না হতেই রাজধানীর বাজারে পেঁয়াজ আর আলুর দাম বাড়তে শুরু করেছে।
কৃষক পর্যায় থেকে ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় পণ্য দুটির দাম বাড়তির দিকে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
আর আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আমদানি করা ডাল, পামওয়েল, আদা ও ছোলার দামও বাড়ছে।
রমজানের আগে এসব পণ্যের দাম কমার কোনো সম্ভাবনা তো নেই, বরং দাম আরো বাড়ার আভাস পাওয়া গেছে।
স্থানীয় মজুদ শেষ হওয়ায় এবং ভারতে দাম বাড়ার কারণে গত বছরের শেষদিকে প্রতিকেজি পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে উঠে যায়। দেশে মৌসুমের শুরুতে পণ্যটির দাম কমে ২৫ টাকায় নেমে আসে। সপ্তাহখানেক আগেও রাজধানীতে এ দরে পেঁয়াজ পেয়েছে ক্রেতারা।
কিন্তু কৃষকের কাছ থেকে পেঁয়াজ ব্যবসায়ীদের হাতে চলে যাওয়ায় দাম আবার বাড়তে শুরু করেছে।
বর্তমানে রাজধানীর বিভিন্ন বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়।
টিসিবির হিসেবে এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১৮ দশমিক ১৮ শতাংশ।
কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফোরকান মিয়া জানান, পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই। ধীরে ধীরে আরো বাড়বে। কারণ সামনে রমজান। এছাড়া এবছর পেঁয়াজের মজুদও বেশি হচ্ছে।
আলুর দামেও একই অবস্থা। এক মাস আগেও আলু চাষিরা পণ্যটি বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে প্রতিবাদ জানিয়েছিলেন।
এখন খুচরা পর্যায়ে সেই আলু ভোক্তাকে কিনতে হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা কেজি দরে। এক মাস আগে ১০ থেকে ১২ টাকা দরে বিক্রি হয়েছে আলু।
কারওয়ান বাজারের আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “মাঠ থেকে আলু কোল্ড স্টোরেজে যাওয়ার পর থেকে দাম বাড়ছে। আমরা যেমন দামে কিনছি, সেরকম বিক্রি করছি।”
টিসিবির হিসেবের এক মাসের ব্যবধানে এই পণ্যটির দাম বেড়েছে ১৫ শতাংশের বেশি।
মসলাজাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। বর্তমানে মানভেদে প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকায়, যা এক মাস আগে বিক্রি হয়েছে ১২০ থেকে ১৮০ টাকায়।
বেড়েছে পাম ও সুপার পাম অয়েলের দাম। এক সপ্তাহ আগে ৭৫/৭৬ টাকা দরে বিক্রি হওয়া প্রতি লিটার পাম অয়েল বর্তমানে বিক্রি হচ্ছে ৮০/৮২ টাকা দরে।
আর সুপার পাম ওয়েলের দাম লিটারে বেড়েছে প্রায় ৪ টাকা। আগের সপ্তাহে প্রতি লিটার সুপার পাম ওয়েল বিক্রি হয়েছে ৭৭ থেকে ৮০ টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকায়।
আমদানি করা বড় দানার মসুর ডাল বর্তমানে বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা কেজি দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৬৮ থেকে ৭২ টাকা।
আর প্রতিকেজি ছোট দানার মসুর ডাল বিক্রি হচ্ছে ৮২ থেকে ৮৫ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৮০ থেকে ৮২ টাকা।
ছোলা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ থেকে ৫৫ টাকায়। এক সপ্তাহ আগে সর্বোচ্চ ৫০ টাকা দরে কারওয়ান বাজারে বিক্রি হয়েছে পণ্যটি।
আর কেজিপ্রতি অ্যাংকর ডাল বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ৪৫ থেকে ৪৮ টাকায় পাওয়া গেছে।
এছাড়া সবজি ও কয়েক ধরনের মাছের দামও বেড়েছে।
