২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থনীতি চাঙা করতেই কালো টাকা সাদা করার সুযোগ’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অর্থনীতি চাঙা করতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 11:33 AM

ঢাবি, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের অর্থনীতি চাঙা করতেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। টাকা সাদা করার সুযোগ দেওয়ায় বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংলাপে তিনি একথা বলেন। ‘বাজেট ও বাংলাদেশ : অর্থমন্ত্রীর সাথে সংলাপ’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করে দেশ টিভি। মুহিত বলেন, “দেশীয় অর্থনীতিতে অনেক অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা রয়েছে। এই টাকা পাচার রোধে, দেশের অর্থনীতির উন্নয়নের স্বার্থে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে।” একই কারণ দেখিয়ে এর আগেও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও পরিসংখ্যান বলে, তা অর্থনীতিতে কোনো প্রভাব রাখেনি। ইন্টারনেট ব্যবহারের ওপর বাজেটে করারোপ প্রসঙ্গে মোস্তফা জব্বারের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, “ইন্টারনেটের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি প্রতিবার আসে। কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত ইন্টারনেট যন্ত্রপাতির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।” বাজেটে কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রশ্ন করলে মুহিত বলেন, “অগ্রাধিকার হচ্ছে মানুষের মঙ্গল। মানুষকে সুখী জীবন যাপনে সুযোগ করে দেওয়ার জন্য বিদ্যুৎ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।” অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী। আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় এই সংলাপে মন্ত্রীর পাশাপাশি অর্থসচিব মো. তারেকও নানা প্রশ্নের উত্তর দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫২ ঘ.