চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্ক কর জমা দেওয়ার ভুয়া কাগজপত্র দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাসের ছাড়পত্র নেওয়ার সময় তিনটি চালান শনাক্ত করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
চালান তিনটিতে প্রায় ৪৪ লাখ টাকা শুল্ক কর যুক্ত ছিল।
চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকে শুল্ক কর জমা দেওয়ার কাগজপত্র নকল করে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাসের চেষ্টা হয়েছে।”
তিনি জানান, চালান চারটিতে শুল্ক কর ছাড়াও জরিমানা আদায় করা হবে।
রোববার ও সোমবার দুই দিনে কাস্টমস হাউজের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা এ ফাঁকি শনাক্ত করেন।
কাস্টম হাউস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ঢাকার নবাবপুর মেসার্স ড্রাগ এজেন্সিজ চীন থেকে যন্ত্রাংশ আমদানি করে।
চালানটি খালাসের দায়িত্ব ছিল চট্টগ্রামের সিএন্ডএফ প্রতিষ্ঠান তানশিয়া ওভারসিজ। এর শুল্কায়নের পর ব্যাংকে শুল্ক-কর জমা দেওয়ার নকল সই ও সিল দিয়ে তা ছাড়ের জন্য কাগজ জমা দেয় তারা। বিষয়টি সন্দেহ হলে রাজস্ব জমা না হওয়ার প্রমাণ মেলে।
এ চালানে ১৫ লাখ ৮৪ হাজার টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।
রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক জানান, একইভাবে একই সিএন্ডএফ প্রতিষ্ঠান ঢাকার কেরানীগঞ্জের মিকাশা এন্টারপ্রাইজের গ্লাসওয়ারের একটি চালানে শুল্ক কর বাবদ ১৭ লাখ ৭২ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া কাগজ দেখিয়ে পণ্য খালাসের ছাড়পত্র নেওয়ার চেষ্টা করে।
এছাড়া ‘কাজ’ ইন্টারন্যাশনাল নামে আরেক সিএন্ডএফ প্রতিষ্ঠান ঢাকার আরামবাগের শান ট্রেডিংয়ের একটি চালানে টাকা না দিয়ে ছাড়পত্র নেওয়ার চেষ্টা করে। এই চালানে প্রায় ১০ লাখ ৯৯ হাজার টাকা শুল্ক কর ফাঁকির চেষ্টা ছিল।
চট্টগ্রাম কাস্টমসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যত শুল্ক-কর ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে সেগুলোসহ এর দুইশ শতাংশ জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনটি চালানে প্রায় ৪৪ লাখ টাকা শুল্ক-কর এবং দ্বিগুণ জরিমানাবাবদ ৮৮ লাখ টাকা আদায় করার প্রক্রিয়া চলছে। হিসেবে এই তিনটি চালান থেকে রাজস্ব আদায় হবে এক কোটি ৩২ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৩৭ ঘ.
bdnews24