চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেলিভারি অর্ডার (ডিও) প্রথার পরিবর্তে বুধবার থেকে চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে পরিবেশক পদ্ধতি।
২০ জুন পর্যন্ত পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বাণিজ্য সচিব গোলাম হোসেন এ কথা জানিয়ে বলেন, ২১ জুন থেকে পরিবেশক পদ্ধতির পূর্ণ প্রয়োগ হবে।
রমজান মাসে ভোজ্যতেল ও চিনির সরবরাহের পাশাপাশি দাম স্বাভাবিক রাখার বিষয়ে চট্টগ্রামের তেল-চিনি আমদানিকারক, পরিবেশক ও উৎপাদকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন।
বাণিজ্য সচিব বলেন, পরিবেশক পদ্ধতিতে কেনাবেচায় ব্যবসায়ীরা যেসব সমস্যার মুখোমুখি হবেন তা সমাধান করার চেষ্টা করবে মন্ত্রণালয়।
দীর্ঘদিন ধরে চলে আসা একটি প্রথা থেকে আরেকটি প্রথা চালু করতে গেলে প্রাথমিকভাবে সমস্যা দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নেওয়া ও এলসির ক্ষেত্রে হয়রানিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এসএ গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন আলম বলেন, মজুদকৃত পণ্য বিক্রি না হলে পণ্য আমদানি করতে নতুন এলসি করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, "বর্তমানে চাহিদার বিপরীতে চিনি মজুদ থাকলেও ভোজ্য তেল নেই। রমজান পর্যন্ত দেশে প্রায় সাড়ে তিনলাখ টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে। এর বিপরীতে বর্তমানে একলাখ ৭০ হাজার টন মজুদ রয়েছে।"
মজুদ থাকার পরও কেন নতুনভাবে আমদানি করতে চাইছেন- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সাহাবুদ্দিন বলেন, আমদানিকৃত পণ্যের ব্যয়ের চেয়ে বর্তমান বাজারে দাম কম হওয়ায় বিক্রি করা যাচ্ছে না। এসব পণ্যে ৫০ শতাংশ লোকসান হচ্ছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহম্মদ, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সগির আহম্মদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/পিডি/২০৫০ ঘ.
bdnews24