২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বাড়ার কারণ জানতে চেয়েছে আদালত

জ্বালানি তেলের দাম বাড়ানোর সর্বশেষ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোর সর্বশেষ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। একটি রিট আবেদনে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার এই রুল জারি করে। গত ১০ নভেম্বর সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এর আগে চলমান অর্থবছরে ১৮ সেপ্টেম্বর দাম বাড়ানো হয়েছিল। গত সপ্তাহে অ্যাডভোকেট শোয়েব উদ্দিন খান, ব্যারিস্টার রেদওয়ান আহমেদ ও চৌধুরী মো. রেদওয়ান-ই-খুদার করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রুল জারি করে। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন হাসান মোহাম্মদ রিয়াদ। ব্যারিস্টার রেদওয়ান আহমেদ বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটনি কমিশন অ্যাক্ট-২০০৩ এর ধারা ৩৪(৫) এবং ৩৪(৬) ধারা লঙ্ঘন করে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। “এর মধ্যে ৩৪(৫) বলা হয়েছে, বছরে একবারের বেশি জ্বালানির দাম বাড়ানো যাবে না, যদি না অবস্থার পরিবর্তন ঘটে।” রেদওয়ান বলেন, এখানে অবস্থার পরিবর্তন বলতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়াকে বোঝানো হয়েছে। তবে এই সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বাড়েনি, বরং কমেছে। তাই এ সময়ে দ্বিতীয়বার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত যথাযথ হয়নি। “৩৪(৬) অনুচ্ছেদের বলা হয়েছে, জ্বালানির দাম বাড়াতে হলে গণশুনানির আয়োজন করতে হবে। যা সরকার করেনি।” “এই আইনের ২(খ) ধারায় দেওয়া সংজ্ঞানুসারে জ্বালানি (এনার্জি) হিসেবে বিদ্যুৎ, গ্যাস ও পেট্টোলিয়ামজাত সব পদার্থকে বোঝানো হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৪২২ ঘ.