২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সহায়তা আসছে, তবে বিনিয়োগ না আসায় হতাশা মুহিতের

শিল্প প্রতিষ্ঠানে পরিবেশ ঝুঁকিতে কমাতে অনুদান মিললেও সে সব শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ আসছে না জানিয়ে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2010, 10:10 AM

Updated : 24 Aug 2022, 07:13 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্প প্রতিষ্ঠানে পরিবেশ ঝুঁকিতে কমাতে অনুদান মিললেও সে সব শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ আসছে না জানিয়ে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বুধবার এক অনুষ্ঠানে বলেন, "এডাপটেশন ও মিটিগেশন কর্মসূচির পকিল্পনা ও কারিগরি শিক্ষায় দাতাদের কাছ থেকে পরিবেশগত তহবিল ও অনুদান পাওয়া যায়। কিন্তু অভিযোজন ও প্রশমনে বিনিয়োগের জন্য তা হয় না।" দেশে প্রায় আঠারশ' শিল্প কারখানা পরিবেশ দূষণ ঘটাচ্ছে জানিয়ে তিনি বলেন, "এসব কারখানাকে ইতিমধ্যে নোটিশও দেওয়া হয়েছে। তবে তারা বলছে, তাদের বিনিয়োগ দরকার।" বিনিয়োগ আসছে না কেন- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, "নানা ধরনের জটিলতার কারণেই তা হচ্ছে।" দাতাগোষ্ঠীর অর্থ পেতে সময় লাগে জানিয়ে একইসঙ্গে তিনি বলেন, এ ক্ষেত্রে বিদ্যমান বিধিতেও সংস্কার আনতে হবে। দাতাদের কাছ থেকে অর্থপ্রাপ্তি সহজ ও দ্রুততর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। মুহিত রাজধানীর একটি হোটেলে 'চতুর্থ গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি (জিইএফ) সাউথ এশিয়া কন্সটিউিয়েন্সি মিটিং' উদ্বোধন করেন। সার্কভুক্ত ছয়টি দেশের (আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া) প্রতিনিধিরা দুই দিনের এ বৈঠকে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে দেশের সম্ভাব্য ক্ষতির চিত্র তুলে ধরে তা মোকাবেলায় জলবায়ু তহবিল (ট্রাস্ট ফান্ড) গঠনসহ সরকারের নানা ধরনের পরিকল্পনার কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিইএফ সাউথ এশিয়া কন্সটিটিউয়েন্সি'র কাউন্সিল মেম্বার ও বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালক (ভারত) পুলক চ্যাটার্জি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ইআরডি) মোশাররফ হোসেন ভুঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.