ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আগামী মাসের মাঝামাঝি নাগাদ দেশের প্রতিটি থানায় খোলা বাজারে চাল বিক্রির পরিকল্পনা করছে।
সংসদে বুধবারের প্রশ্নোত্তর পর্বে বিএনপির'র সাংসদ এ এম মাহবুব উদ্দিন খোকনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে এ কথা জানান।
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার লিখিত প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উপস্থাপন হিসেবে ধরা হয়।
বিদ্রোহী বিডিআর সদস্যদের সঙ্গে বৈঠক করার কারণে তিনি সংসদে আসতে পারেননি।
প্রধানমন্ত্রী বলেন," আগামী মার্চ মাসের মাঝামাঝি থেকে দেশের প্রতিটি থানায় নিু আয়ের মানুষের জন্য খোলা বাজারে চাল বিক্রির কার্যক্রম শুরুর পরিকল্পনা আছে।"
তিনি বলেন," সাধারণত খোলাবাজারে চাল বিক্রি হয় যখন খাদ্যশস্যের মূল্য বাড়তে থাকে। বর্তমানে চাল ও আটার মূল্য ক্রমান্বয়ে কমছে। মূল্য বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেলে খোলাবাজারে চাল বিক্রির কার্যক্রম এগিয়ে আনা হবে।"
আওয়ামী লীগের সাংসদ একেএম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন," দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝুঁিকপূর্ণ, হতদরিদ্র এবং নিু আয়ের জনসাধারণকে সুলভে চাহিদা মাফিক পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রেশনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।"
বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনে টিসিবি'র কার্যক্রমও জোরদার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জানান, দ্রব্যমূল্য কমানোর লক্ষ্যে জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মূল্য মনিটরিং ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিত্যপণ্যের আমদানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজ্য ক্ষেত্রে শুল্ককর বিন্যাস করা হবে।
আওয়ামী লীগের সাংসদ বেগম মেহের আফরোজ চুমকির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে সরকারি ছুটি রোববার করার পরিকল্পনা আপাতত নেই। সরকারি ছুটি রোববার করার ব্যাপারে সার্বিক পর্যালোচনা প্রয়োজন।"
এর কারণ হিসেবে তিনি বলেন, "ওআইসিভুক্ত ৫৭ টি দেশের মধ্যে ৩৬টি মুসলিম দেশে রোববার সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/কেআরসি/এএনএস/এইচএ/১৯৫৯ঘ.
bdnews24