২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাঙ্গোর পোয়াবারো, আইএসপিদের মাথায় হাত

তৃতীয় ওয়াইম্যাক্স লাইসেন্সের ফি পরিশোধের জন্য আরো ৪০ দিন সময় পাবে ম্যাংগো টেলিসার্ভিসেস। ম্যাঙ্গো টেলিসার্ভিসেস দেশে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পরিচালনাকারী একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 02:28 PM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ঢাকা ২৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- তৃতীয় ওয়াইম্যাক্স লাইসেন্সের ফি পরিশোধের জন্য আরো ৪০ দিন সময় পাবে ম্যাংগো টেলিসার্ভিসেস।

ম্যাঙ্গো টেলিসার্ভিসেস দেশে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পরিচালনাকারী একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়ে বলেন, "ম্যাঙ্গো টেলিসার্ভিসেসের জন্য সময়সীমা ২ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।"

দরদাতা অন্য চারটি কোম্পানি লাইসেন্স কেনার জন্য সময়মত প্রযোজনীয় অর্থ যোগাতে ব্যর্থ হওয়ায় ম্যাঙ্গো টেলিসার্ভিসেসই দেশের একমাত্র ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়া কোম্পানি। অথচ দরদাতা হিসেবে তাদের অবস্থান ছিল ৭ম।

ম্যাঙ্গো-র ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিটিআরসি-র ডিসেম্বর মাসের এক চিঠি অনুযায়ী লাইসেন্স নিতে সম্মত হই। তবে স্থানীয় উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হচ্ছিল বলে আরো সময় চেয়েছিলাম আমরা।"

সরকারি নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি মেনে নেয় ,যদিও তা অনেককেই বিস্মিত করেছে।

ওয়াইম্যাক্স লাইসেন্সের শর্ত অনুযায়ী নিলামে জেতার পর আবেদনকারীকে দশ কার্যদিবসের মধ্যে ফি-র অর্ধেক এবং তিন মাসের মধ্যে বাকিটা শোধ করতে হবে।

মোট তিরিশ দিনের বাড়তি সময় দিয়েও ২১ জানুয়ারির মধ্যে ৫০ শতাংশ বা ১শ ৭ কোটি ৫০ লাখ টাকা জমা দেওয়ার কথা ছিল ম্যাঙ্গোর।

কিন্তু অবশিষ্ট ৫০ শতাংশসহ পুরো অর্থ পরিশোধের জন্য আরো ৪০ দিন দেওয়া হয় তাদের যা অনেককে বিস্মিত করেছে।

৪র্থ সর্বোচ্চ বিডার ভিটেল বাংলা কনসোর্টিয়াম এর সদস্য আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ম্যাঙ্গোর জন্য এই সময় বাড়ানোর ঘটনা আমাদের সবাইকে বিস্মিত করছে। এটা ঠিক নয়। দশদিনের মধ্যে অর্ধেক টাকা দিতে পারবো কিনা তা জানাতে আমাদের তিনদিন সময় দেওয়া হয়েছিল।"

তিনি বলেন, প্রি-বিড সভায় বলা হয়েছিল সময় বাড়ানো হবে না। এমন সুযোগ দেওয়া হলে আমরাও লাইসেন্স পেতে পারতাম।

বিটিআরসি অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছে। সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম বলেন, "ম্যাঙ্গো ছাড়া আর কেউই আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসেনি। অন্যরাও আবেদন করলে আমরা তা বিবেচনা করতে পারতাম।"


বিটিআরসি চেয়ারম্যান বলেন, "দশ দিনের সময়সীমা বাড়িয়ে একমাস করা হয়েছে। তবে তিনমাসের সময়সীমা এখনো কার্যকর রয়েছে।"

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এক নিলামে ২শ' ১৫ কোটি টাকা দেওয়ার বিনিময়ে বাংলা লায়ন কমিউনিকেশন্স, ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক লিমিটেড এবং অগেয়ার ওয়্যারলেস
ওয়াইম্যাক্স লাইসেন্স কেনার অধিকার লাভ করে।

ফি পরিশোধের প্রথম সময়সীমা ছিল ১৫ অক্টোবর, অনুরোধের ভিত্তিতে যা বাড়িয়ে করা হয় ১৫ নভেম্বর। অগেয়ার এবং বাংলা লায়ন কমিউনিকেশন্স যথাসময়ে ফি পরিশোধ করেছিল।

পরবর্তীতে ব্র্যাক বিডিমেইল জানায় তারা লাইসেন্স কিনবে না।

পরে ভিটেল বাংলা, পি-১ এবং বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জও লাইসেন্স কিনবেনা বলে জানিয়ে দেয়।

রাষ্ট্র-নিয়ন্ত্রিত বিটিসিএল কে বিশেষ বিবেচনায় ওয়াইম্যাক্স লাইসেন্স দেওয়া হয়।

বিটিআরসি মূল বিধিমালা অনুসরণ করলে আইআইজি লাইসেন্সের আবেদন করার যোগ্যতাই ম্যাঙ্গোর থাকতো না।

অভিযোগ রয়েছে যে শুধুমাত্র ম্যাঙ্গো টেলিসার্ভিসেসকে সহায়তা করার লক্ষ্যেই বিধিমালা পরিবর্তন করা হয়েছিল।

বিটিআরসির বিরুদ্ধে অনিয়মের অভিযোগকারীরা অতীতে ম্যাঙ্গোর প্রতি যে 'আনুকূল্য' দেখানো হয়েছে তা তুলে ধরেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি আইএসপির সিইও বলেন, " ইন্টারনেট রেটের ক্ষেত্রে ম্যাঙ্গো বিএসসিসিএল-এর কাছ থেকে ৬০ শতাংশ ছাড় পাচ্ছে যা অন্য আইএসপি পাচ্ছেনা। আর এভাবে তারা বিপুল মুনাফা অর্জন করছে।"
তিনি আরো বলেন, " বিটিআরসির উচিত নয় কোনো একটি বিশেষ কোম্পানির মুনাফা অর্জন নিশ্চিত করা। বরং তাদের উচিত অন্য অপারেটরদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা।"

বিটিআরসির নির্দেশেই এই ৬০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লি:(বিএসসিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিটিআরসির কাছ থেকে এই অনুরোধটি আসে এবং পরে টেলিযোগাযোগ মন্ত্রণালয় তা অনুমোদন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিসিএল-এর একজন কর্মকর্তা বলেন," বর্তমানে ম্যাঙ্গো ইন্টারনেট ব্যবসায় নতুন কোনো সেবা যোগ না করেই প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকা মুনাফা করছে।"

আইএসপি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এম এ হাকিম বলেন, বিটিআরসির কর্মকর্তারা প্রতিটি আইএসপিকে বলেছিলেন তাদের প্রয়োজনীয় ব্যান্ডউইডথের অন্তত ৪৫ শতাংশ ম্যাঙ্গো টেলিসার্ভিসেসের কাছ থেকে কিনতে।"
পরে তারা এজন্য চিঠিও দেয়।

"আমরা বিটিসিএল-এর কাছ থেকে বিভিন্ন রেটে ব্যান্ডউইডথ কিনে থাকি। আমরা যদি ৪৫ শতাংশই ম্যাংগো থেকে নিই তাহলে দামের সুবিধা থাকা স্বত্ত্বেও বিটিসিএল এর কাছ থেকে বেশি কিনতে পারি না," বলেন হাকিম।

হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যাখ্যা করে বলেন, " এর ফলে বেশি দাম দিতে হচ্ছে আমাদের। কারণ আমরা বিটিসিএল-এর কাছ থেকে বিশাল পরিমাণের ব্যান্ডউইডথ কিনতে পারিনা। এছাড়া, যখন আমরা দুটি উৎস থেকে ব্যান্ডউইডথ কিনি তখন লোড ব্যালান্সিংয়ের কারণে আমাদেরকে ১০ শতাংশ হারাতে হয়। তাই প্রয়োজনের চেয়ে বেশি কিনতে আমাদেরকে বাধ্য হচ্ছি। "

সমস্যা হচ্ছে, এর ফলে ক্রেতাদের ইন্টারনেটের জন্য বেশি মূল্য পরিশোধ করতে হয়।

অন্য একজন আইএসপি কর্মকর্তা জানান, গ্রামীণফোন এবং একটেলের মতো প্রতিষ্ঠানগুলোকেও আইএসপির কাছ থেকে নেওয়া সংযোগ বিচ্ছিন্ন করে ম্যাঙ্গো টেলিসার্ভিসেস থেকে ব্যান্ডউইডথ কিনতে বলা হয়েছে।

এম এ হাকিম আরো বলেন, "কোনো একটি কোম্পানিকে একাধিক লাইসেন্স দেওয়াটা হতাশাব্যঞ্জক। এর ফলে প্রতিশ্র"ত লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি ভেস্তে গেল। এতে অন্য বিনিয়োগকারীরা উৎসাহ হারিয়ে ফেলবেন।"


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিডি/এইচএ/এসকে/২২৪৪ঘ.