ঢাকা, জুন ১৫ (বিডিনিজউ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় আসন্ন আমন ও আগামী রবি মওসুমে দেশে বড় ধরনের সার সঙ্কটের আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। রোববার সমিতির সাধারণ সম্পাদক আবুল বারকাত বলেছেন, "এ সঙ্কট কোনোভাবেই এড়ানো যাবে না।"
রাজধানীর ইস্কাটনে সমিতির কার্যালয়ে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আবুল বারাকাত বলেন, "দেশে সার সঙ্কট আসন্ন। আমি কয়েকদিন আগে চট্টগ্রামের সার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে টিএসপি ও এমওপি সারের দাম পাঁচগুণ বেড়ে গেছে। গত বছরের জুনে প্রতি টন এমওপি সারের দাম ছিল ২১৩ ডলার। আর এখন এ সার কিনতে টন প্রতি ১ হাজার ডলার খরচ হচ্ছে। একইভাবে টিএসপি সারের দাম টনে ২১৮ ডলার থেকে বেড়ে ১ হাজার ৬৫ ডলার হয়েছে।"
তিনি বলেন, "সার ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে, গত এক বছরে আন্তর্জাতিক বাজারে দাম কয়েকগুণ বাড়লেও সার আমদানির জন্য ব্যাংক ঋণের সীমা ৩০ কোটি টাকাই রয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে এ সীমা না বাড়ালে কোনোভাবেই চাহিদা মেটানো সম্ভব হবে না।"
সার আমদানিতে ঋণের সীমা বাড়ানোর পাশাপাশি ইউরিয়ার মতো এমওপি ও টিএসপি সারেও টনপ্রতি ৪ হাজার টাকা ভর্তুকি দেয়ার দাবি জানান আবুল বারকাত।
সংবাদ সম্মেলনে ২০০৮-০৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে একটি 'অনিশ্চিত' ও 'বাস্তবায়ন অযোগ্য' বাজেট আখ্যায়িত করে সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, "বাজেটে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য যে পদক্ষেপ নেয়া হয়েছে তাতে জিনিসপত্রের দাম না কমে বরং বাড়বে।"
তিনি বলেন, "বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিয়ে বিপুল অঙ্কের ঘাটতি মেটানোর কথা বলা হয়েছে। সরকার এ ঋণ বাংলাদেশ ব্যাংক থেকে নিলে দ্রব্যমূল্য আরো বাড়বে। আর অন্য কোনো রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে নেয়া হলে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে যাবে। এতে করে বেসরকারি খাত ঋণবঞ্চিত হবে, বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরইচ/জেকে/২২২৫ ঘ.
bdnews24