ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার শেয়ার বাজারে দরপতন চলছেই। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক ও লেনদেন দুটোই কমেছে। নতুন শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীরা হাতে থাকা শেয়ার কম দামে ছেড়ে দেওয়ায় লেনদেন কমেছে বলে জানিয়েছেন বাজার পর্যবেক্ষকরা।
এদিন ডিএসইতে ১২৭ কোটি টাকার ৮৩ লাখ ৪৫ হাজার ৩৮০টি শেয়ার লেনদেন হয়। আগের দিন (মঙ্গলবার) লেনদেনের পরিমাণ ছিল ১৩০ কোটি টাকা। বুধবার সবচেয়ে বেশি কমেছে সামিট পাওয়ারের শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ ছাড়ের বেলায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করায় বিনিয়োগকারীরা নতুন শেয়ার কেনার জন্য হাতে থাকা শেয়ার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এটা লেনদেনেও প্রভাব ফেলছে।"
বুধবার দিনের শুরুতেই সাধারণ সূচক নেমে যায়। প্রথম ঘণ্টার লেনদেনের পর সূচক বাড়তে শুরু করলেও মাঝবেলায় আবার তা নামতে শুরু করে। দরপতনের মধ্য দিয়েই দিন শেষ করে পুঁজি বাজার।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৩ দশমিক ৮৩ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে ২৮৪০ দশমিক ২১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৫ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৬২ শতাংশ কমে হয়েছে ২৪০০ দশমিক ৯৭ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লু চিপ সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ কমে ২২৯৪ দশমিক ৮৭ পয়েন্ট হয়।
ডিএসইতে দাম বেড়েছে ১২৮টি প্রতিষ্ঠানের, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা সামিট পাওয়ারের শেয়ারের বড় ধরনের দরপতন ঘটেছে। একদিনেই ৩৯ দশমিক ২৬ শতাংশ কমে এই শেয়ারের দাম হয়েছে ৯৫০ টাকা ২৫ পয়সা। আর গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ০৬ শতাংশ কমে হয়েছে ১২০ টাকা ৮০ পয়সা।
তবে এবি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২৩ শতাংশ বেড়ে ২৭৯২ টাকা ৭৫ পয়সা, যমুনা অয়েল দশমিক ৯১ শতাংশ বেড়ে ৩০৯ টাকা ৫০ পয়সা এবং মেঘনা পেট্রোলিয়াম দশমিক ৮৮ শতাংশ বেড়ে ৩০৬ টাকা ৬০ পয়সা হয়েছে।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ইউসিবিএল, ব্র্যাক ব্যাংক ও প্রাইম ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে, কমেছে আইডিএলসি ও ডেসকোর শেয়ারের দাম।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব সূচকই বেড়েছে। সিএসইতে ২৩ কোটি ৩৬ লাখ টাকার মোট ১৮ লাখ ৭৭ হাজার ২৫২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে দাম বেড়েছে ৬৭টি কোম্পানির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ২২ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে ৭৩২৬ পয়েন্ট হয়। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৭ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৬৯০ দশমিক ৯৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৯ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ৬৫৭৫ দশমিক ৮০ পয়েন্ট হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২১১০ ঘ.
bdnews24