ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো ১০০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৭ অক্টোবর থেকে এ নোট পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ।
গভর্নর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার এক হাজার টাকার নোট ছাড়ার ঘোষণা দেওয়া হবে এবং আগামী ২৭ অক্টোবর (সোমবার) প্রাথমিকভাবে বাংলাদেশ মতিঝিল কার্যালয় থেকে এই নোট ছাড়া হবে। এর পর কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যালয় থেকেও এই নোট বাজারে সরবরাহ করা হবে।"
বাংলাদেশের ইতিহাসে এক হাজার টাকা মূল্যমানের নোট এটিই প্রথম।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক হাজার টাকার নোটের আকার প্রচলিত সব নোটের চেয়ে একটু বড় । এর দৈর্ঘ্য ১৬০ মিলিমিটার ও প্রস্থ ৭২ মিলিমিটার। নোটের এক পাশে শহীদ মিনার এবং আরেক পাশে কার্জন হলের প্রতিকৃতি রয়েছে। এছাড়া সামনের অংশের ডান পাশে জলছাপে রয়েছে শাপলা ফুলের প্রতিকৃতি এবং বাম পাশে রয়েছে নিরাপত্তা সুতা। নাড়াচাড়া করলে সুতার রং পরিবর্তন হবে। সুতার মধ্যে '১০০০ টাকা' লেখা আছে।
লালচে বেগুনি রঙের নোটটিতে সর্বাধিক নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে উল্লেখ করে তিনি জানান, নোটের উভয় পাশে বিশেষ এক ধরনের কালি রয়েছে যা হাতের স্পর্শে খসখসে অনুভূত হবে। নোটের সামনের অংশে '১০০০' লেখা আছে। নাড়াচাড়া করলে ওই লেখার রং পরিবর্তন হবে। অন্ধদের জন্য নোটের সামনের অংশের ডান পাশে বৃত্তবিন্দু থাকবে যা হাতের স্পর্শে খসখসে অনুভূত হবে।
ব্যবসায়ী স
bdnews24