ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ব্যাংক ও বিদ্যুৎ কোম্পানির শেয়ারের ওপর ভর করে বুধবার মাঝ দিনে চাঙা হয়ে ওঠে ঢাকার পুঁজিবাজার।
সপ্তাহের শুরুতে প্রথম দুই কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেনে মন্দা দেখা দিলেও শেষে এসে তা মোটামুটি স্বাভাবিক গতি ফিরে পেয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
এ সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মুল্যসূচক ২০ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৮৮ শতাংশ বেড়ে দুই হাজার ৩৩০ দশমিক ৯৪ পয়েন্ট হয়েছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচকে যোগ হয়েছে ১১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ। ফলে সার্বিক মূল্যসূচক কাটা অবস্থান করছে এক হাজার ৯১৯ দশমিক ৪৪ পয়েন্টের ঘরে।
দিনের মাঝামাঝি পর্যন্ত লেনদেনকৃত ১৬৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ৪৬টির এবং ১৫টির দাম রয়েছে অপরিবর্তিত।
বেলা পৌনে ১২টা পর্যন্ত লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল সামিট পাওয়ার, এবি ব্যাংক ও ডেসকোর শেয়ার। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের অবস্থান ছিল তার পর পরই।
বুধবার সামিট পাওয়ারের শেয়ারের দাম এক হাজার ৩৬৭ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৪২৪ টাকা ৭৫ পয়সা হয়েছে। ব্যাংকিং খাতের মধ্যে এবি ব্যাংকের শেয়ার এক হাজার ৪৮৩ টাকা থেকে বেড়ে এক হাজার ৫৬৫ টাকায় লেনদেন হচ্ছে। ডেসকোর শেয়ার ৯৫৬ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৯৬৩ টাকা ৫০ পয়সা এবং ইউসিবিএল এর শেয়ার তিন হাজার ৫৯৮ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৬৪০ টাকায় দাঁড়িয়েছে।
তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম কিছুটা পড়ে গেছে। এ ব্যাংকটির প্রতি শেয়ারের দাম ৯২২ টাকা ৫০ পয়সা থেকে কমে ৯২০ টাকা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ার ৫৫১টাকা থেকে বেড়ে ৫৫৫ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।
এ ছাড়া লেনদেনের দিক দিয়ে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে সোশ্যাল ইনভেস্টম্যান্ট ব্যাংক, অগ্নি সিস্টেমস্, শাহজালাল ব্যাংক এবং উত্তরা ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৩৫৩ ঘ.
bdnews24