২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে দরপতন অব্যাহত

বিনিয়োগকারীরা মুনাফা উঠিয়ে নেওয়ায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো শেয়ার বাজারে দরপতন ঘটেছে। দিনের শুরুতে বাজার চাঙ্গা হয়ে উঠলেও সেমাবার লেনদেনের তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো মুনাফা তুলে নিতে শুরু করলে বাজার পড়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2007, 03:38 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীরা মুনাফা উঠিয়ে নেওয়ায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো শেয়ার বাজারে দরপতন ঘটেছে। দিনের শুরুতে বাজার চাঙ্গা হয়ে উঠলেও সেমাবার লেনদেনের তালিকায় শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো মুনাফা তুলে নিতে শুরু করলে বাজার পড়ে যায়। বাজার বিশ্লেষক শরীফ আতাউর রহমান বলেন, "সংশোধন প্রক্রিয়া বাজারের জন্য সবসময়ই ভাল। তবে এতে করে নতুন বিনিয়োগকারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ কমে ২ হাজার ৮৫৫ দশমিক ৩৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৯ দশমিক ৬৬ পয়েন্ট বা এক দশমিক ২১ শতাংশ কমে হয়েছে ২ হাজার ৪০৪ দশমিক ৮৮ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৯ দশমিক ৪২ পয়েন্ট বা এক দশমিক ৩১ শতাংশ কমে ২ হাজার ২১১ দশমিক ২ পয়েন্ট হয়। রূপালী ব্যাংকের শেয়ারের দাম কমায় এর উল্লেখযোগ্য প্রভাব পড়েছে সার্বিক সূচকে। রূপালী ব্যাংক হস্তান্তরের ব্যাপারে সরকার সৌদি যুবরাজ বন্দর বিন আব্দুল রাহমান আল সউদকে এক মাস সময় বেঁধে দেওয়ার পর মঙ্গলবার ব্যাংকটির শেয়ারের দাম কমে যায়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২ কোটি টাকার এক কোটি ৪১ লাখ ১২ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির দাম। ইমতিয়াজ হোসেন সিকিউরিটিজ এর চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন বলেন, "আমি মনে করি, বাজারের আরো সংশোধন প্রায়োজন। কিছু শেয়ার দাম তাদের মূলধনের চেয়ে এখনো অনেক বেশি।" এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ারের দাম ৩ দশমিক ৬৩ শতাংশ বেড়ে হয়েছে ৬২৭ টাকা। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম আরো কমেছে। ৩ দশমিক ১৯ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৯১ দশমিক ৫০ টাকা। অবশ্য ব্র্যাক ব্যাংকের শেয়ার মন্দা কাটিয়ে উঠেছে। মঙ্গলবার শেয়ারটির দাম ১ দশমিক শূন্য ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯১ টাকা হয়েছে। ইসলামী ব্যাংক তাদের শেয়ারের অভিহিত মূল্য ১ হাজার টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা না করায় ব্যাংকটির শেয়ারের দাম এদিন ৫ দশমিক ৩৪ শতাংশ কমে ৫ হাজার ৪৬৯ টাকা ৫০ পয়সা হয়েছে। অন্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ও ফারইস্ট ইসলামী জীবন বীমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে বেক্সিমকো শেয়ারসহ বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক নিম্নমুখী ছিল। এই বাজারে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭২টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/জেকে/২১৩০ ঘ.