ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাণিজ্যে সুবিধা আদায়ের জন্য শ্রমিক অধিকারের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন জেনেভায় বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের প্রতিনিধি ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এজন্য, আন্তর্জাতিক শ্রম আইন (আইএলও) মেনে শ্রমিকদের স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সংবর্ধনা সভায় ড. দেবপ্রিয় বলেন, "আন্তর্জাতিক ক্ষেত্রে শ্রমিক ইস্যু এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শ্রমিক ইস্যুতে নেতিবাচক মনোভাব দেখালে উন্নত দেশগুলোর কাছ থেকে শুল্ক, কোটাসহ অন্য বাণিজ্য সুবিধা আদায়ের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়বে।"
মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা চেম্বারের সাবেক সাবেক সভাপতি এম কাশেম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান, ঢাকা চেম্বারের সহ-সভাপতি আলাউদ্দিন মালিক, পরিচালক সৈয়দ তৌফিক সিকদার প্রমুখ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, "বিশ্ববাণিজ্য সংস্থার আওতায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য যে শুল্ক সুবিধা দেওয়া হয়েছে বাংলাদেশে তার উল্টো ব্যবহার হয়েছে। আমেরিকার বাজারে বিভিন্ন স্বল্পোন্নত দেশ শুল্কমুক্ত সুবিধা পেলেও বাংলাদেশ এখনও পায়নি। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এখন বিভিন্ন কারণে শুল্ক কমছে। এরসঙ্গে ডব্লিউটিও'র কোনো সম্পর্ক নেই। এজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য সুবিধা আদায়ের জন্য বাংলাদেশকে এখন শুল্ক সুবিধার পরিবর্তে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর দিকে বেশি নজর দিতে হবে।"
অনুষ্ঠানে হোসেন খালেদ বলেন, "এই প্রথম ডব্লিউটিও'র গুরুত্বপূর্ণ পদে বেসরকারি খাতের একজন প্রতিনিধিকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্য দিয়ে বাংলাদেশের বেসরকারি খাত আরও লাভবান হবে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৭০১ঘ.
bdnews24