২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল অবরোধের ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে সংসদে আলোচনা করুন: বিরোধী দলকে মান্নান ভূঁইয়া

স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া রাজপথের রাজনীতিকে সংসদে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, হরতাল বা অবরোধের মতো ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করুন। দেশের উন্নয়নের স্বার্থে কোনো আলোচনা থাকলে সংসদে আসুন, সেখানে বলুন। নইলে দেশের উন্নতি ব্যাহত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার বাংলাদেশে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আয়োজিত চারদিনব্যাপী ‘টেক্সবাংলা এক্সপো, ২০০৬’--এর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মান্নান ভূঁইয়া বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আমাদের সরকার, মালিক ও শ্রমিকদের মিলিতভাবে কাজ করতে হবে। কোনো উস্কাানিতে বিভ্রান্ত হলে চলবে না। ধ্বংসাত্মক কর্মসূচি শুধু দেশের উন্নয়ন ব্যাহত করতে পারে।

তিনি টেক্সটাইল শিল্পের উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে শিল্প এলাকা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, টেক্সটাইল শিল্পের জন্যে দেশের প্রতিটি জেলায় পৃথক শিল্প এলাকা গড়ে তোলা উচিত। এ জন্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে। তবে ব্যবসায়ীরা বেসরকারি উদ্যোগেও পৃথক শিল্প এলাকা গড়ে তুলতে পারেন।

তিনি বলেন, প্রতিটি শিল্পের জন্যে পৃথক এলাকা হওয়ায় অনেক প্রতিষ্ঠান প্রয়োজনের অতিরিক্ত জমি গ্রহণ করছে। ফলে দেশে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। আবার কোনো প্রতিষ্ঠানের অতিরিক্ত জমির প্রয়োজন হলেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথক শিল্প এলাকা হলে এসব সমস্যা হ্রাসের পাশাপাশি বিদ্যুৎ ও পানিসহ প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহও সহজতর হবে।

মন্ত্রী বলেন, টেক্সটাইল কারখানাগুলোর ব্যবহৃত রাসায়নিকের কারণে খাল বিল ও নদ--নদীসহ আশপাশের এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এজন্যে কারখানাগুলোকে পানি পরিশোধনাগার স্থাপন করতে হবে। প্রয়োজনে একাধিক প্রতিষ্ঠানের সমন্বয়ে এটি করতে হবে। নইলে পরিবেশের বিপর্যয় আমাদের আগামী প্রজন্মকে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি গার্মেন্টস শিল্পের সাথে টেক্সটাইল খাতের বিরোধের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে বলেন, আমাদের একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। টেক্সটাইল থাকলে গার্মেন্টস কারখানা থাকবে, গার্মেন্টস কারখানা থাকলে টেক্সটাইল থাকবে।

বিটিএমএ সভাপতি এমএ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ--সভাপতি এম জামালউদ্দিন।

পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বিটিএমএ’র পক্ষ থেকে ক্রেস্ট দেওয়া হয়।

১৮ মে শুরু হওয়া ওই টেক্সটাইল প্রদর্শনীতে বস্ত্র ও বস্ত্র সামগ্রী উৎপাদন খাতের ৩৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।