২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙ্গা হয়ে উঠছে শেয়ার বাজার

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট নির্বাচনে যাবে এমন সম্ভাবনায় মন্দাভাব কাটিয়ে বৃহস্পতিবার দুপুরে আবারও চাঙ্গা হয়ে উঠে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বেশ কয়েকটি ব্যাংক, বিদ্যুত ও আর্থিক প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন বেড়ে যাওয়ায় শেয়ার বাজারে তেজি ভাব দেখা যায়।

নেতাকর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শেখ হাসিনার আহ্বানের উল্লেখ করে এসএআর সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “বাজারে এখন ইতিবাচক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। একটি ঘোষণাই পারে স্টক মার্কেটের অবস্থার মোড় ঘুরিয়ে দিতে।”

বৃহস্পতিবার ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক আগের দিনের তুলনায় ১২ দশমিক ৬৮ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৮২ দশমিক ৯০ পয়েন্টে। আগের দিন এটি ছিল ১৫৭০ দশমিক ২১ পয়েন্ট।

ডিএসই-২০ ব্লু-চিপ শেয়ার সূচক ১২ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ বেড়ে ১৩৮০ দশমিক ০৬ পয়েন্টে পৌঁছে।

ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১১ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩০৬ দশমিক ৩৭ পয়েন্টে।

মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৩ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যাংক শেয়ারের দাম ১ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধিতে বৃহস্পতিবার সিএএসপিআই বা সিএসই সার্বিক শেয়ার সূচক আগের দিনের তুলনায় দশমিক ৯০ শতাংশ বেড়ে ৩৬৯১ দশমিক ৩০ পয়েন্টে পৌঁছে।

সিএসই-৩০ শেয়ার সূচক ১ দশমিক ১০ শতাংশ বেড়েছে। বাছাই করা শেয়ার সূচক বাড়ে দশমিক ৮১ শতাংশ।

ডিএসইতে লেনদেনের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে ছিল বেসরকারি খাতের প্রথম মিউচুয়াল ফান্ড এইমস। তাদের মোট লেনদেন হয়েছে ১ কোটি ১২ লাখ ৬২ হাজার ৫০০ কোটি টাকা।

এর পরের অবস্থানে থাকে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ সংস্থার মিউচুয়াল ফান্ড গ্রামীণ ওয়ান।

এইমসের শেয়ারের দাম ১ দশমিক ০৭ টাকা থেকে বেড়ে ১ দশমিক ১৭ টাকা হয়। অন্যদিকে, গ্রামীণ ওয়ানের শেয়ারের দাম ১ দশমিক ০১ টাকা বেড়ে ১৪ দশমিক ৮০ টাকা হয়েছে।

ডিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩৯ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা। আগের দিন এর পরিমাণ ছিল ৩৫ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইর সার্বিক লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় আট কোটি ৮ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। আগের দিন এর পরিমাণ ছিল ৮ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে অবস্থান করা কোম্পানিগুলো ছিল সিটি ব্যাংক, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (আইপিডিসি) ও যমুনা ব্যাংক।

চার কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা লেনদেন করে তালিকার শীর্ষে ছিল সিটি ব্যাংক। সিটি ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পায়।

পিজিসিবি তিন কোটি ২০ লাখ ১০ হাজার টাকার লেনদেন করে দ্বিতীয় স্থানে থাকে। আগের দিনের চেয়ে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ।

আইপিডিসি ও যমুনা ব্যাংকের দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৭১ এবং ২ দশমিক ৩৯ শতাংশ।

দাম বাড়ার তালিকায় ছিল আইসিবি ইসলামী মিউচুয়াল ফান্ড, এইমস এবং গালফ ফুডস।

দাম কমার তালিকায় ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স করপোরেশন, সন্ধানী ইন্সুরেন্স, ও মেঘনা পেট।

ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ১২৫টির দাম বাড়ে, ৩১টির কমে এবং ২৬টির দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৫২টির দাম বাড়ে, ১৯টির কমে এবং সাতটির দাম ছিল অপরিবর্তিত।