হজ ফ্লাইটে বিমানের লোকসান হচ্ছে ৬৭ কোটি টাকা
হজ ফ্লাইটে প্রয়োজনীয় যাত্রীর অভাবে এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রায় ৬৭ কোটি টাকা ( ৯৬ লাখ মার্কিন ডলার) লোকসান হওয়ার আশঙ্কা রয়েছে।
বিমান সূত্র জানায়, ২৬ নভেম্বর হজ ফ্লাইট উদ্বোধন করার পর চারদিনে বিমানের পাঁচ হাজার আসন ফাঁকা গেছে। এতে লোকসান হয়েছে প্রায় ৪২ কোটি টাকা ( ৬০ লাখ মার্কিন ডলার)।
যাত্রী সঙ্কটের কারণে বৃহস্পতিবার বিমানের কোনো হজ ফ্লাইট সৌদি আরব যায়নি। ফলে হজ ফ্লাইটের জন্য ভাড়া নেওয়া বোয়িং ৭৪৭ ও বিমানের নিজস্ব ডিসি-১০ উড়োজাহাজ দুটি বৃহস্পতিবার অলস অবস্থায় বসে ছিল। বোয়িং ৭৪৭-এ মোট আসন সংখ্যা ৫৮০ ও ডিসি-১০ এর আসন সংখ্যা ৩০১।
এ বিষয়ে বিমানের মুখপাত্র খান মোশাররফ হোসেন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকটি হজ এজেন্সি মৌসুমের আগেই সৌদি আরবে বাসা ভাড়া না নেওয়ায় সে দেশের সরকার হজ পালনে ইচ্ছুক প্রচুর বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়নি। এ কারণে হজ ফ্লাইট চালানোর জন্য সব ধরণের প্রস্তুতি থাকা সত্ত্বেও প্রতি ফ্লাইটে যাত্রী সঙ্কটের কারণে বিমানকে লোকসান দিতে হচ্ছে। গত চারদিনেই হজ ফ্লাইটে পাঁচ হাজার আসনে যাত্রী পাওয়া যায়নি।
তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ বছর হজ ফ্লাইটে বিমানের মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহন করার কথা। কিন্তু যাত্রী সঙ্কটের কারণে আগামী ২২ ডিসেম্বর শেষ হতে যাওয়া হজ ফ্লাইটে বিমান কোনোভাবেই ২৪ হাজারের বেশী যাত্রী পাবে না। অর্থাৎ হজ ফ্লাইটে বিমানের প্রায় আট হাজার আসন ফাঁকা যাবে।
এ বছর বিমান জনপ্রতি ১ হাজার ২০০ মার্কিন ডলারের বিনিময়ে হজ যাত্রী পরিবহন করছে। বৃহস্পতিবার খোলা বাজারে ডলারের দর ওঠে ৭০ টাকা ২০ পয়সা। এই হিসেবে হজ ফ্লাইটে চারদিনে বিমানকে লোকসান দিতে হয় ৪২ কোটি ১২ লাখ টাকা। এ বছর আট হাজার যাত্রী সঙ্কট হওয়ায় হজ ফ্লাইটে বিমানের লোকসান হবে ৬৭ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।
বিমান সূত্র জানায়, হজ ফ্লাইটের জন্য ভাড়া নেওয়া বোয়িং ৭৪৭ উড়োজাহাজটিতে বুধবারও ৭৪টি আসন ফাঁকা ছিল।
এ বছর মোট ৪৫ হাজার বাংলাদেশীর হজ পালন করার কথা। এরমধ্যে সৌদিয়া ১২ হাজারের বেশি হজ যাত্রী পরিবহন করছে। গত বছর বিমান ২৫ হাজার হজ যাত্রী পরিহন করে। জনপ্রতি ভাড়া ছিল এক হাজার ৫০ ডলার।
