গুলশানে সর্বাধুনিক হীরার দোকান ‘ডায়মন্ড ওয়ার্ল্ডে’র উদ্বোধন
আধুনিক ও নান্দনিক নকশার হীরা ও স্বর্ণালংকার নিয়ে যাত্রা শুরু করলো দেশে বিশ্বের সবচেয়ে দামী পাথর হীরার প্রথম দোকান ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’।
রাজধানীর গুলশান-১ নম্বর সেকশনের শপিং কমপ্লেক্স শপার্স ওয়ার্ল্ড-এর তৃতীয় তলায় শুক্রবার সকালে দোকানটির উদ্বোধন হয়েছে। ফিতা কেটে দোকানের উদ্বোধন করে শিশু আলভিরা রানা।
এ সময় ডায়মন্ড ওয়ার্ল্ডের চেয়ারম্যান রানা শফিউল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক পবন কুমার, পরিচালক রাকিবুল কবির, ইবনুল হাসান ও দিলীপ কুমার।
উদ্বোধনের পরপরই উৎসুক মানুষের ভীড়ে মুখর হয়ে ওঠে ডায়মন্ড ওয়ার্ল্ড। অত্যাধুনিক নকশাখচিত হীরা ও স্বর্ণালংকার দেখে অভিভূত হয়ে পড়েন খ্যাতিমান তারকা, ব্যবসায়ী ও অভিজাত দর্শনার্থীরা।
চেয়ারম্যান রানা শফিউল্লাহ জানান, দেশীয় মূদ্রা দেশের ভেতরেই রাখার উদ্যোগ মূল্যবান পাথরের অলংকার বিক্রির এই আয়োজন। অভিজাত শ্রেণীর ক্রেতারা এখন দেশের বাজার থেকে ডায়মন্ড কিনে তাদের চাহিদা পূরণ করতে পারবে। এতে পাওয়া যাবে ইয়ার রিং, ফিংগার রিং, নেকলেস, ব্রেসলেট, চুড়ি ইত্যাদি।
তিনি জানান, শপার্স ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড যৌথভাবে পরিচালিত হবে। ডায়মন্ড ওয়ার্ল্ড হচ্ছে দেশের সর্বাধুনিক নকশা খচিত হীরা ও স্বর্ণালংকারের প্রথম এবং একমাত্র বিক্রয় কেন্দ্র। এসব অলংকারে ইতিহাস ও ঐতিহ্য সমুন্নত রেখে চলমান আধুনিক রুচির ধ্রুপদি নকশা থাকছে।
এসব হীরা আসবে বিশ্বের বিশ্বস্ত ও বিখ্যাত হীরা উৎপাদনকারি দেশ সিঙ্গাপুর, ভারত, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে।
