২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প শ্রমিকদের ডাকে সারাদেশে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত, ১ম লিড

বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শনিবার সারাদেশে শিল্প শ্রমিক-কর্মচারি রক্ষা সমন্বয় পরিষদের ডাকে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পাশাপাশি ২৪ ঘন্টার শিল্প ধর্মঘট শান্তিপূর্ণভাবে চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

ঢাকার ডেমরা, চট্টগ্রাম ও সিরাজগঞ্জের শিল্প এলাকায় হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়।

রাষ্ট্রায়াত্ত্ব জুট মিলের খারাপ বিনিয়োগ বন্ধ, জুট মিলের কাঁচামাল ক্রয়ে জরুরি ভিত্তিতে কমপক্ষে ২০০ কোটি টাকা বরাদ্দকরণ, বন্ধ কলকারখানা পুনরায় চালু, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং মজুরি কমিশন ঘোষণাসহ সাত দফা দাবিতে সকাল ৬টা থেকে  হরতাল শুরু হয়।

হরতালের সমর্থনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ওয়ার্কাস পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ-খালেকুজ্জামান) বিভিন্ন রাজনৈতিক দল সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়ন নগরীতে পৃথক মিছিল বের করে।

শিল্প শ্রমিক-কর্মচারি রক্ষা সমন্বয় পরিষদ সকাল ১০টায় একটি মিছিল বের করে। মিছিল নিয়ে তারা মতিঝিল, গুলিস্তান ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে মুক্তাঙ্গনে একটি সমাবেশ করে সমন্বয় পরিষদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রায় রমেশ চন্দ্র, আশরাফ আলী খান, ডা. ওয়াজেদ আলী এবং লুৎফর রহমান।

আওয়ামী লীগের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগ সকালে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে।

হরতাল চলাকালে নগরীর রাস্তায় অন্যান্য দিনের চেয়ে ইঞ্জিনচালিত যানবাহনের চলাচল ছিল অনেক কম। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।

বেশিরভাগ শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ ছিল। এদিকে সরকারি অফিস খোলা থাকলেও উপস্থিতির সংখ্যা ছিল কম।

হরতালের প্রথম প্রহরে সকাল সাড়ে ৬টার দিকে ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়।

মিলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) খলিলুর রহমান বলেন, হরতাল সমর্থক পার্শ্ববর্তী করিম জুট মিলের একদল শ্রমিক জোরপূর্বক তৃতীয় গেট দিয়ে মিলের মধ্যে ঢুকে পড়ে এবং আমাদের শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলে।

সরকার সমর্থক সিবিএ নেতারা মিল খোলা রাখার চেষ্টা করলেও শ্রমিক ধর্মঘটের কারণে করিম জুট মিল পুরোপুরি বন্ধ ছিল।

মিলের সিবিএর সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তার বিডিনিউজকে বলেন, কাজে যোগদান করতে চাইলে হরতাল সমর্থক শ্রমিকরা তাদের ওপর লাঠি সোটা ও রড নিয়ে হামলা চালায়। এতে ডেমরা থানার এসআই শাহাদত হোসেনসহ আট-দশজন আহত হয় বলে তিনি জানান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হরতাল সমর্থক শ্রমিকরা ১১ নম্বর গেট দিয়ে মিলের বাইরে চলে যায়। ঘটনার পর মিল গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে অর্ধেক শ্রমিক নিয়েই বেলা ১১টায় মিলের দ্বিতীয় শিফটের কাজ চলতে দেখা যায়। বিএনপির ডেমরা ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ বিএনপির অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জে বন্ধ কওমী জুট মিলের শ্রমিকদের মিছিলে বিএনপি কর্মীরা হামলা চালালে সিবিএ সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক সুজাবত উল্লাহসহ প্রায় ৫০ জন আহত হয়।

বন্দর নগরী চট্টগ্রামে আমিন জুট মিলের মধ্যে কিছু সরকার সমর্থক শ্রমিক হরতাল সমর্থক শ্রমিক সিরাজের বন্ধ দোকানে হামলা চালায় ও লুটপাট করে।

এদিকে নাটোরে পিকেটিং করার সময় পুলিশ ওয়ার্কাস পার্টির নেতা আইজুদ্দিনকে গ্রেফতার করেছে।

কোনও শ্রমিক কাজে যোগ না দেওয়ায় নরসিংদীর ইউএমসি জুট মিল ছিল পুরোপুরি বন্ধ।