২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাটার বিনিয়োগ প্রকল্প নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা সম্পন্ন

গ্যাস ও বিদ্যুতের দাম নিরূপণ করতে পরামর্শক নিয়োগে উভয় পক্ষের সম্মতির মধ্য দিয়ে রোববার বাংলাদেশ সরকার ও ভারতীয় কোম্পানি টাটার মধ্যকার দ্বিতীয় দিনের আলোচানা শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

রোববারে আলোচনার পর বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, উভয় পক্ষই বিদ্যুত ব্যবস্থা ব্যাখা বিশ্লেষণের জন্য একজন এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণের জন্য আরেকজন পরামর্শক নিয়োগের ব্যাপারে একমত হয়েছে।

তিনি বলেন, বিদ্যুত ব্যবস্থা ব্যাখা বিশ্লেষণের খরচ বহন করবে টাটা গ্রুপ। অন্যদিকে গ্যাস ও বিদ্যুতের মূল্য নির্ধারণের ব্যাপারে যে খরচ হবে বাংলাদেশ সরকার তা বহন করবে।

বৈঠক সূত্র জানায়, রোববারও উভয় পক্ষের মধ্যে প্ল্যান্টের স্থান নির্বাচন, বিদ্যুত ক্রয়, বিনিয়োগ সুবিধার বিভিন্ন দিক এবং কয়লা উত্তোলনের সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত ছিল।

সূত্র জানায়, প্লান্ট স্থাপনের জন্য টাটা বড়পুকুরিয়ায় ৮০০ একর জমি চেয়েছে। তবে সরকার ৫০০ একর জমির ব্যবস্থা করে দিতে সম্মত হয়েছে।

এটা বাংলাদেশে ভারতের বৃহত্তম কোম্পানি টাটা গ্রুপের সম্ভাব্য আড়াই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ইস্যুতে দ্বিতীয় রাউন্ডের আলোচনা। পাঁচ দিনব্যাপী এ আলোচনা ৬ জুলাই শেষ হবে।

অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থ সচিব জাকির হোসেন খান। অপরদিকে টাটার পক্ষে নেতৃত্ব দেন টাটার বাংলাদেশ প্রধান মানজার হোসেন।