ক্লাসিক্যাল হোমটেক্সের বিরুদ্ধে ৬ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা
ক্লাসিক্যাল হোমটেক্সের নিজস্ব বিপণন প্রতিষ্ঠানে ১৪১ কোটি টাকার বিক্রির তথ্য গোপন করে ৬ কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত ১১ নভেম্বর ঢাকার ইসলামপুর রোডে জাহাঙ্গীর টাওয়ারে অবস্থিত নিজস্ব বিপণন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই ‘তথ্যপ্রমাণ’ পায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
এরপর বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে বলে জানায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ঢাকা দক্ষিণ কমিশনারেটের আওতাধীন কোতয়ালি বিভাগের আরমানিটোলা ভ্যাট সার্কেলে কম রাজস্ব পরিশোধ করেছে। প্রতিষ্ঠানটি প্রদত্ত মাসিক দাখিলপত্রে প্রকৃত বিক্রয় তথ্য গোপন করে ভ্যাট ফাঁকি দিয়েছে।
অভিযানের শুরুতে প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভ্যাট গোয়েন্দাদের চাহিদা অনুসারে ভ্যাট দলিল দেননি বলে অভিযোগ করা হয়।
“এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এবং প্রতিষ্ঠানের কম্পিউটারে ধারণকৃত তথ্যাদি যাচাই করে সেবা বিক্রি সংক্রান্ত বাণিজ্যিক দলিলাদি লুকায়িত অবস্থায় আটক করা হয়।এসব তথ্য ভ্যাট দলিলাদির সাথে ব্যাপক অসামঞ্জস্য পরিলক্ষিত হয়।”
মামলায় বলা হয়, ২০১৭ সালের মে মাস থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ২০০ কোটি ৬৮ লাখ টাকার পণ্য বিক্রি করেছে। কিন্তু ভ্যাট সার্কেলে মাসিক রিটার্নে সর্বমোট ৭৬ কোটি ৮৫ লাখ টাকার বিক্রির হিসাব দেখিয়েছে। রিটার্ন ও প্রকৃত বিক্রয়ের পার্থক্য প্রায় ১৪১ কোটি টাকা।
“প্রকৃত বিক্রয় তথ্য গোপন করায় ৪ কোটি ৪৩ লাখ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে। এই ফাঁকির উপর ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২ শতাংশ হারে প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা বিলম্বজনিত সুদ হিসেবে প্রযোজ্য হবে। অর্থাৎ প্রতিষ্ঠানটির কাছে ৫ কোটি ৯৯ লাখ টাকার ভ্যাট পাওনা হয়েছে।”
