২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএলের তৈরি দেশি গিজার চলবে অ্যাপে

সম্পূর্ণভাবে দেশে তৈরি মোবাইল অ্যাপ নিয়ন্ত্রিত গিজার বাজার ছেড়েছে শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 04:11 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

১০ থেকে ৫০ লিটার পর্যন্ত ১৩টি আকারে এসব গিজারের দাম রাখা হয়েছে ২ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ টাকা পর্যন্ত।

আরএমআইএল পরিচালক মো. মনিরুজ্জামান বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে পণ্যটির মোড়ক উন্মোচন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরএমআইএলের প্রধান বিপণন কর্মকর্তা শরিফুল ইসলাম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (অপারেশন) আমিনুল ইসলাম, উপব্যবস্থাপক (অপারেশনস) জহিরুল ইসলাম এবং ব্র্যান্ড ম্যানেজার মো. শোয়েব অনুষ্ঠানে ছিলেন।

অনুষ্ঠানে মনিরুজ্জামান বলেন, একসময় সম্পূর্ণ আমদানিনির্ভর গিজারের দেশীয় চাহিদার ৭০ শতাংশই এখন দেশি কোম্পানিগুলো উৎপাদন করে।তাদের উৎপাদিত গিজারে রপ্তানি শুরু হয়েছে। এর মধ্যে নেপালে একটি চালান গেছে।

অস্ট্রেলিয়া ও ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে রপ্তানির প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরএমআইএলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন, অ্যাপ দিয়ে যে কোনো জায়গা থেকে এই গিজার চালু ও বন্ধ করা, গিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে এবং কতটুকু বিদ্যুৎ ব্যবহার হচ্ছে তা দেখা যাবে।

তিনি বলেন, অ্যাপের মাধ্যমে প্রতিদিন পানি গরম করার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যাবে। প্রতিদিন সেই নিদিষ্ট সময়ে গিজার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। পানি গরম হলে অ্যাপ সংকেত দেবে।

আরএফএলের গিজার সর্বনিম্ন ২ হাজার ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। বেস্টবাই, ইজি বিল্ড, ভিশন এম্পোরিয়াম ও আরএফএলের সকল এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট থেকে কেনা যাবে।

তাছাড়া কেনাকাটার জনপ্রিয় অনলাইন সাইট অথবা ডটকম (www.othoba.com) থেকেও পণ্যসমূহ অর্ডার করা যাবে।