বশ’র গৃহস্থালি পণ্য এখন বাংলাদেশে
জার্মানির খ্যাতনামা ব্র্যান্ড ‘বশ’ বাংলাদেশে তাদের গৃহস্থালি পণ্য বিক্রি শুরু করেছে।
সোমবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বশের গৃহস্থালি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এতোদিন বাংলাদেশে বশের অন্যান্য পণ্য বিক্রি হলেও এবারই প্রথম হোম গৃহস্থালী সামগ্রী বিক্রি শুরু করল জার্মানির এই ব্র্যান্ড।
বশ এখন থেকে বাংলাদেশে স্টোভস, ওভেন, এক্সট্রাক্টর হুডস, ডিশ ওয়াশার, ড্রয়ার্স, রেফ্রিজারেটর, ফ্রীজ ভ্যাকুয়াম ক্লিনার, কফি মেশিন, ইলেকট্রিক কেটলিসহ অনেক ধরনের পণ্য বিক্রি করবে।
বিএসএইচ হোম অ্যাপ্ল্যায়েন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার টমাস আলোনসো বলেন, বশ একটি অত্যন্ত বড় কোম্পানি। পৃথিবী জুড়ে এর প্রায় ৩০০টি কারখানা আছে। ২০১৭ সালে বশ ৭৮ বিলিয়ন ইউরো বিক্রি করেছে এবং ৭ দশমিক ৩ বিলিয়ন ইউরো গবেষণার কাজে ব্যয় করেছে। পৃথিবীর ৬০টি দেশে বশ এর ৪৪০ সহযোগী কোম্পানি আছে। এটি পৃথিবীর অন্যতম বড় ব্র্যান্ড এবং ইউরোপের এক নাম্বার ব্যান্ড।
‘বাংলাদেশ মানুষের কাছে আমাদের পণ্য ধীরে ধীরে পৌঁছে দিতে চাই’ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের পণ্যগুলো কম দামি না; কিন্তু পণ্যগুলো অনেক ভালো এবং অনেক টেকসই। পরিবেশ বান্ধব।”
এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ বলেন, অনেক কষ্ট করে তিনি বশ ব্র্যান্ডকে বাংলাদেশে নিয়ে এসেছেন।
“প্রথম যখন আমি বশকে বাংলাদেশে আনতে চেয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল বাংলাদেশে যে পরিমাণ বিক্রি হওয়া প্রয়োজন সেটা হবে না। তাই বাংলাদেশে তারা আসবে না।
“আবার ইউরোপীয় ব্র্যান্ড হিসেবে সেখানে যে জলবায়ুর অবস্থা বাংলাদেশে সে ধরনের জলবায়ু নয়। যার ফলে পণ্য ভিন্ন ভাবে বানাতে হয়। এ ধরনের অনেক সমস্যা উতরে বশকে বাংলাদেশে নিয়ে আসতে হয়েছে।”
