২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকের উপবৃত্তি বিকাশে

মাধ্যমিকের ১৪ লাখ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা এখন সহজেই তাদের কাছে পৌঁছে দেবে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 08:44 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় অগ্রণী ব্যাংক ও দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের যৌথ অংশীদারিত্বে এই উপবৃত্তি বিতরণ করা হবে।

বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৯ মে অগ্রণী ব্যাংকের সঙ্গে মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মাহবুবুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের পরিচালক শাহির মুর্তজা মামুন, অগ্রণী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার শামস-উল-ইসলাম এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশ জুড়ে প্রায় ১২ হাজার মাধ্যমিক স্কুলের ১৪ লাখ শিক্ষার্থীর অভিভাবকের নির্ধারিত বিকাশ হিসাবে বছরে দুইবার এই উপবৃত্তির অর্থ পাঠানো হবে।

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর জানান, বিকাশ অ্যাকাউন্টে পাঠানো উপবৃত্তির টাকা দেশের এক লাখ ৮০ হাজার এজেন্ট পয়েন্টের যেকোনো স্থান থেকে তাৎক্ষণিকভাবে তুলে নিতে পারবে শিক্ষার্থীরা।

মাধ্যমিক শিক্ষার সামগ্রিক উন্নয়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) এর আওতায় তিন লাখ শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণের কাজ করছে বিকাশ।