বাংলাদেশে উৎপাদিত হবে নভো নরডিস্কের ইনসুলিন
বাংলাদেশে ইনসুলিন উৎপাদনে অত্যাধুনিক ডেনিশ প্রযুক্তি স্থানান্তরে নভো নরডিস্কের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ।
বুধবার এসকেএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা জানানো হয়।
নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ শেঠি এবং এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “এ চুক্তি স্বাক্ষরের ফলে দেশেই আধুনিক ইনসুলিন উৎপাদনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন ডায়াবেটিক আক্রান্ত রোগীরা এবং পাশাপাশি ২০৩০ সালের মধ্যেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করবে এই উদ্যোগ।”
নভো নরডিস্কের দক্ষিণ পূর্ব এশিয়ার কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট শবনম আভসার টুনাকে উদ্ধৃত করে বলা হয়, ডায়াবেটিসের সঙ্গে বসবাস করা রোগিদের জন্য বাংলাদেশে প্রায় ৬০ বছরের বেশি সময় ধরে কাজ করছে নভো নরডিস্ক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত মাইকেল হেমিনিটি উইন্থার, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন।
অন্যদের মধ্যে নভো নরডিস্কের আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ওসানিয়া অঞ্চলের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট লারস বো স্মিথ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক এসএম শফিউজ্জামান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, ডায়াবেটিস অ্যাসোসিয়েসন অব বাংলাদেশের প্রেসিডেন্ট একে আজাদ খান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেক্সোনা কাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
