ফারমার্স ব্যাংকের তারল্য সঙ্কট মেটানো হচ্ছে: অর্থমন্ত্রী
ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা ফারমার্স ব্যাংকের তারল্য সঙ্কট মোকাবেলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আওয়ামী লীগ আমলে অনুমোদন পাওয়া ব্যাংকটি চার বছর পেরিয়ে এখন গ্রাহকদের অর্থ ফেরত দিতে পারছে না; পরিবেশ মন্ত্রণালয়েরও ৫০৮ কোটি টাকা ব্যাংকটিতে আটকে গেছে।
তারল্য সঙ্কটে পড়ে এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা আমানত চেয়ে কোনো সাড়া পায়নি ফারমার্স ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি রেপোর মাধ্যমে ৯৬ কোটি টাকার জোগান দিয়েছে ব্যাংকটিকে।
বৃহস্পতিবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “ব্যাংকটির আর্থিক অবস্থা বিভিন্নভাবে প্রকাশিত হয়ে পড়লে আমানতকারীরা ব্যাংক থেকে আমানত উঠিয়ে নিতে থাকলে তারল্য সঙ্কটের সৃষ্টি হয়।
“উদ্ভূত সমস্যা মোকাবেলা করার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ব্যাংকটির তারল্য সঙ্কট মোকাবেলায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।”
আওয়ামী লীগের সংসদ সদস্য ও সংসদে সরকারি হিসাব কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের মালিকানাধীন ব্যাংকটির তারল্য সঙ্কট মোকাবেলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত বলেননি অর্থমন্ত্রী।
তিনি বলেন, “কার্যক্রম শুরু করার পর থেকে রেগুলেটরি ও প্রুডেনশিয়াল নিয়ম কানুন মানতে অনীহা এবং পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে বিভিন্ন অনিয়মের কারণে ব্যাংকটির আর্থিক ভিত্তি ক্রমে দুর্বল হতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নিলেও সার্বিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমাবনতি বিদ্যমান থাকে।”
ফারমার্স ব্যাংক এখন সঙ্কটে
ফারমার্স ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছে।
গত বছরের অক্টোবরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে দেওয়া এক প্রতিবেদনে ফারমার্স ব্যাংককে দেশের আর্থিক খাতের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
চাপের মুখে সম্প্রতি ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন মহীউদ্দীন খান আলমগীর।
মুহিত সম্প্রতি বলেছিলেন, ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতারাই এটিতে ‘লুটপাট’ চালিয়েছে।
সংসদে আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে প্রচুর অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল, গবেষণা প্রতিষ্ঠানের দাবি তথ্যভিত্তিক নয়।
“পাচারের এ ধরনের প্রাক্কলন গত কয়েক বছরে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার বিদ্যমান তারল্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
‘সবচেয়ে বেশি দর্শক বিটিভির’
দেশের ৮০ দশমিক ১ শতাংশ দর্শক বিটিভি দেখেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সংসদে সরকারি দলের সুবিদ আলী ভুইয়ার প্রশ্নের জবাবে গত বছর মে মাসের একটি জরিপের উদ্বৃতি দিয়ে মন্ত্রী বলেন, বেসরকারি যে কোনো টিভি চ্যানেলের তুলনায় বিটিভির দর্শক বেশি।
দেশে বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে দাবি করে ইনু বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণসহ গণমাধ্যমের বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ইলেকট্রনিক গণমাধ্যমগুলো অনাপত্তির শর্ত ও দেশের প্রচলিত বিধি-বিধানের সীমারেখার মধ্যে থেকে সংবাদ প্রচারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। তবে, স্বাধীনতা ভোগের পাশাপাশি গণমাধ্যমেরও দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে।
