২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অদক্ষ বন্দর কর্মকর্তাদের অপসারণ চায় বিজিএমইএ

চট্টগ্রাম সমুদ্র বন্দর ও বেনাপোল স্থলবন্দরে অব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রতার কারণে পোশাক রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে এর জন্য দায়ী অদক্ষ কর্মকর্তাদের অপসারণ চেয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 09:00 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

সোমবার বিজিএমইএ ভবনে পণ্য জাহাজিকরণ, বন্দর ব্যবস্থাপনা ও পোশাক রপ্তানির সর্বশেষ পরিস্থিতি জানান বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

এসময় তিনি বলেন, “স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে পোশাকশিল্প প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। এর সঙ্গে মরার উপর খাঁড়ার ঘায়ের মতো যোগ হয়েছে চট্টগ্রাম বন্দরের সঙ্কট।

“টানা আড়াই মাসের বেশি সময় ধরে বন্দরে জাহাজজট চলমান থাকার পরিস্থিতির মধ্যে নতুন করে যুক্ত হয়েছে জাহাজিকরণ জটিলতা- রপ্তানি কনটেইনার না নিয়েই জাহাজের বন্দর ছেড়ে যাওয়ার ঘটনা। এই পরিস্থিতি চলতে থাকলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে প্রতিবেশি ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, ইথিওপিয়া কিংবা মিয়ানমারের বাজারে চলে যাবে। এর মাশুল দিতে হবে এদেশের পোশাক শিল্প ও শ্রমিকদেরকে।”

বন্দরের সমস্যা সমাধানে ২০০৪ সাল থেকে বিজিএমইএর পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে ২০টি চিঠি/আবেদন করা হয়েছে জানিয়ে সিদ্দিকুর রহমান বলেন, “সঙ্কটের কোনো সমাধান হয়নি বরং এখন জাহাজিকরণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা অভূতপূর্ব।”

বন্দরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, “আমাদের করের টাকায় তাদের বেতন দেওয়া হয়। আমরা সমস্যায় থাকব আর তারা আরামে থাকবে তা আর হতে দেওয়া হবে না। তারা কাজ না করলে তাদের সরিয়ে দেওয়া হোক। সেখানে দক্ষ লোককে বসানো হোক।”

দীর্ঘসূত্রতার ব্যাখ্যায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ পদক্ষেপের ফলে বন্দরে জাহাজজট কমানোর লক্ষ্যে নাইট নেভিগেশন চালু, গিয়ারসেল ভেসেল আসা নিরুৎসাহিত করা, সার্বক্ষণিক হ্যান্ডেলিং কাজ চালু রাখাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও সমস্যার সমাধান হয়নি।

“যেসব জাহাজে ১৫০ থেকে ২০০ এলসিএল কন্টেইনার বেশি থাকে তা খালাস করতে এখনও ১৫ থেকে ২০ দিন সময় লেগে যাচ্ছে। এর সাথে যোগ হচ্ছে ভেসেল বাথিংয়ে ৭/৮দিন ও পণ্য খালাসে ৭/৮ দিন। পণ্য খালাসের বিলম্বের কারণে অনেক মাদার ভেসেলও হাতছাড়া হয়ে যায়।”

মন্থর প্রবৃদ্ধি

বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ‘নীরব মন্দা’, ইউরোর দরপতন ও ব্রেক্সিটের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছে বলে জানান সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, “গত অর্থবছরের জুনে পোশাক শিল্পে ঋণাত্মক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে (-১৬.১৩ শতাংশ)। টানা পঞ্চম মাসের মতো ওভেন পোশাকের ঋণাত্মক প্রবৃদ্ধি চলছে। ২০১৬-১৭ অর্থবছরে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ২০ শতাংশ। বিগত ১৫ বছরের মধ্যে এটিই কম প্রবৃদ্ধি।”

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান, পরিচালক (অর্থ) মো. নাসিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।