২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের সাড়ে ১৯ কোটি টাকা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের ১৯ কোটি ৪২ লাখ ৬২ হাজার ৭৯১ টাকা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 05:07 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

সচিবালয়ে বুধবার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা কাজী মুহাম্মদ শাহেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল লভ্যাংশের অর্থের চেক হস্তান্তর করে।

২০১৩ সাল থেকে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিচ্ছে গ্রামীণফোন। গত চার বছরে কোম্পানিটি এই তহবিলে ৭০ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৩৪২ টাকা দিল।

শ্রম আইন অনুযায়ী, উৎপাদনশীল প্রতিষ্ঠানের এক বছরের নিট লভ্যাংশের পাঁচ শতাংশের মধ্যে চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে।

বাকি এক শতাংশের অর্ধেক প্রতিষ্ঠানের নিজস্ব শ্রমিক কল্যাণ তহবিল এবং বাকি অর্ধেক শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দিতে হয়।

এই তহবিল থেকে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা, মাতৃত্বকালীন এবং শ্রমিকের সন্তানদের উচ্চ শিক্ষায় অর্থ দেওয়া হচ্ছে।

এছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথ বীমার প্রিমিয়ামের অর্থও এই খাত থেকে দেওয়া হচ্ছে বলে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেনের মহাপরিচালক আনিসুল আউয়াল, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খন্দকার মোস্তান হোসেন, গ্রামীণফোনের প্রধান করপোরেট বিষয়ক কর্মকর্তা মাহমুদ হোসেন এবং জিএম ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।