প্যাকেজ বন্ধ না করায় গ্রামীণফোনকে নোটিশ
নির্দেশনার পরেও একটি ইন্টারনেট প্যাকেজ বন্ধ না করায় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বৃহস্পতিবার পাঠানো ওই নোটিশে বলা হয়, গ্রাহকের সাথে বৈষম্যমূলক আচরণ ও অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টির জন্য গত ৩০ জানুয়ারি স্কিটো প্যাকেজ (Skitto package) বন্ধ করে কমিশনকে অবহিত করার জন্য ই-মেইলের মাধ্যমে নির্দেশনা দেওয়া হলেও প্যাকেজটি চালু আছে।
এ বিষয়ে গত ২৬ জানুয়ারি গ্রামীণফোনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয় বলেও বিটিআরসির চিঠিতে উল্লেখ করা হয়।
ওই প্যাকেজ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে বিটিআরসি বলেছে, “টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এর ধারা ৫০ (১) এবং থ্রিজি রেগুলেটরি ও লাইসেন্সসিং গাইড লাইনের ধারা এই প্যাকেজ দ্বারা লঙ্ঘিত হচ্ছে, এই প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন এর ধারা ৬৪ অনুযায়ী স্কিটো প্যাকেজ অনতিবিলম্বে বন্ধের নির্দেশনা প্রদান করা হল।”
নির্দেশনার পরেও প্যাকেজটি কেন চালু রাখা হয় সে বিষয়ে গ্রামীণফোনের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
স্কিটো প্যাকেজের গ্রাহক সংখ্যা এবং পূর্ণাঙ্গ গ্রাহক তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে দেওয়ারও নির্দেশ দিয়েছে বিটিআরসি।
এছাড়া আইন অনুযায়ী এসব বিষয়ে গ্রামীণফোনের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা ১৫ দিনের মধ্যে দিতে বলেছে নিয়ন্ত্রক সংস্থা।
স্কিটো প্যাকেজ নিয়ে পাঁচটি অভিযোগ বিটিআরসির। এই প্যাকেজ থেকে জিপির অন্যান্য প্যাকেজ এবং জিপির অন্যান্য প্যাকেজ থেকে এ প্যাকেজে মাইগ্রেশন করা যায় না। একে বৈষম্যমূলক আচরণ মনে করছে বিটিআরসি।
তাদের চিঠিতে বলা হয়, “স্কিটো প্যাকেজ ব্যবহারকারী গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের জন্য অল্প কিছু বান্ডলের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে এবং বেসিক ইন্টারনেট ব্যবহারের সুবিধা (পে পার ইউজ) পদ্ধতি থেকে গ্রাহকদের বঞ্চিত ও বৈষম্য করা হয়েছে। যার ফলে অনেক গ্রাহকের জন্য বৈষম্যমূলক আচরণ এবং বিশেষ করে অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।”
স্কিটো প্যাকেজ ব্যবহারকারীরা কোনো প্রকার ভ্যাস সার্ভিস ব্যবহার করতে পারবে না। এর মাধ্যমেও এই প্যাকেজ ব্যবহারকারী গ্রাহকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ এবং অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
বিটিআরসি বলছে, প্রি-পেইড সিম বা রিমের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণে নির্দেশনা অনুয়ায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারে। কিন্তু এই প্যাকেজের শর্ত অনুযায়ী গ্রাহক পর্যায়ে এই প্যাকেজ গ্রহণেইচ্ছুক গ্রাহককে মাইগ্রেশন সুবিধা না দেওয়ায় একটি অতিরিক্ত সিম ক্রয় করতে হবে, যা সার্বিকভাবে অসুবিধা সৃষ্টি করবে।
গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কিটো প্যাকেজটি করা হয়েছে পরিপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে।
“কেমন ব্যবহার হয়, গ্রাহক প্রতিক্রিয়া এবং ডিজাইনে কোনো পরিবর্তন আনতে হবে কি না সে সব বিষয়ে তথ্য পেতে ক্ষুদ্র পরিসরে প্রি-পেইড প্যাকেজটি চালু করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে বিটিআরসি কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আমরা সেগুলো দেখছি।”
