২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়ায় আটকে রবি-এয়ারটেলের একীভূত লাইসেন্স

একীভূত হতে বকেয়া পরিশোধ না করা এবং প্রযুক্তিগত কয়েকটি শর্ত পালনের বিষয়ে অবস্থান স্পষ্ট না করায় আটকে আছে রবি-এয়ারটেলের ব‌্যবসা এক করার চূড়ান্ত অনুমতিপত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 04:26 PM

Updated : 20 Aug 2022, 02:32 PM

রবি-এয়ারটেল একীভূত সংক্রান্ত ফি এবং আনুষঙ্গিক স্পেকট্রাম (তরঙ্গ) সমন্বয় ফি বাবদ বকেয়া ১০৮ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধের বিষয়ে ইতোমধ‌্যে চিঠি পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি এই বকেয়া ও অন্যান প্রযুক্তিগত শর্তের বিষয়ে রবির অবস্থান জানতে ১০ দিনের সময় দিয়ে রবিকে চিঠি পাঠানো হয়েছে।

গত ১০ ডিসেম্বর রবি-এয়ারটেল একীভূতকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা দেওয়ায় সংশ্লিষ্ট পক্ষকে ধন্যবাদ জানিয়ে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠান করে রবি। ওই অনুষ্ঠানে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও ছিলেন।

Image
একীভূতকরণ প্রক্রিয়ায় সহযোগিতার জন‌্য রবির ধন‌্যবাদ জানানোর অনুষ্ঠানে তারানা হালিম (ফাইল ছবি)

একীভূতকরণ প্রক্রিয়ায় সহযোগিতার জন‌্য রবির ধন‌্যবাদ জানানোর অনুষ্ঠানে তারানা হালিম (ফাইল ছবি)

লাইসেন্স না পাওয়া পর্যন্ত একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে না জানিয়ে বিটিআরসির ওই কর্মকর্তা বলেন, “একীভূত হওয়ার চূড়ান্ত লাইসেন্স অনুমতি না নিয়ে একীভূত কোম্পানি হিসেবে রবি-এয়ারটেল ব্যবসায়িক অপারেশন পরিচালনা করতে পারে না।

“এখনও প্রযুক্তিগত বিষয়গুলো সুরাহা হয়নি. তারা যদি এই লাইসেন্স ছাড়া একীভূত ব্যবসায়িক অপারেশন পরিচালনা করে, তাহলে তা নিয়ম অনুযায়ী হচ্ছে না, এজন্য বিটিআরসি যে কোনো পদক্ষেপ নিতে পারে।”

নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন, বকেয়া টাকা কিস্তিতে পরিশোধ করা হবে কি না, সে বিষয়ে কিছু জানায়নি রবি।

এ বিষয়ে রবির কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি বিভাগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করলেও তারা কোনো বক্তব্য দেয়নি।

গত ১৬ নভেম্বর একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দেয় মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল। রবি আজিয়াটা লিমিটেড নামেই চলছে তাদের ব্যবসা। রবির পাশাপাশি কোম্পানির একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে রয়েছে ‘এয়ারটেল’।

একীভূতকরণ শেষে বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ২২ লাখ, যা বাংলাদেশে অপারেটরের গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে। পাঁচ কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণফোন।

Image
এয়ারটেলকর্মীদের একীভূত কোম্পানি রবিতে বরণের অনুষ্ঠান (ফাইলি ছবি)

এয়ারটেলকর্মীদের একীভূত কোম্পানি রবিতে বরণের অনুষ্ঠান (ফাইলি ছবি)

একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবির অর্ধেকের বেশি অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।

রবি-এয়ারটেল একীভূত করতে ২১টি শর্ত দিয়েছিল বিটিআরসি। এর মধ্যে বেশিরভাগ শর্তই একীভূত হওয়ার প্রযুক্তিগত বিষয় রয়েছে।

গত ২০ নভেম্বর এয়ারটেলকে একীভূতকরণে বিটিআরসির পাওনার একটি বড় অংশ পরিশোধ করে রবি।

রবি-এয়ারটেল একীভূত সংক্রান্ত ফি এবং আনুষাঙ্গিক স্পেকট্রাম (তরঙ্গ) সমন্বয় ফি বাবদ পাওনা ৪২৭ কোটি ৩৫ লাখ টাকার মধ্যে ৩১৮ কোটি ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়।

বিটিআরসি কার্যালয়ে সংস্থার প্রধান শাহজাহান মাহমুদের কাছে এই টাকার চেক হস্তান্তর করেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

পাওনার বিষয়ে বিটিআরসি জানিয়েছিল, রবি-এয়ারটেল একীভূত হওয়ার প্রক্রিয়ায় ফি বাবদ ১০০ কোটি টাকা এবং তরঙ্গ সমন্বয় বাবদ ৩০৭ কোটি টাকা ধার্য হয়, যা ভ্যাট ও ট্যাক্সসহ ৪২৭ কোটি ৩৫ লাখ টাকায় দাঁড়ায়।

এই টাকা এককালীন অথবা তিন কিস্তিতে পরিশোধের জন্য নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। অবশিষ্ট ১০৮ কোটি ৮৩ লাখ টাকা রবি দুই কিস্তিতে পরিশোধ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

পুরনো খবর:

একীভূতকরণ: অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে রবি
এয়ারটেল কর্মীদের বরণ করে নিল একীভূত কোম্পানি রবি
একীভূতকরণ: বিটিআরসিকে ৩১৮ কোটি ৫২ লাখ টাকা দিল রবি
একীভূতকরণ বাজারে টিকে থাকারই কৌশল: আজিয়াটা প্রেসিডেন্ট
এয়ারটেল মিললেও নাম হবে রবি