একীভূতকরণ: অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে রবি
রবি-এয়ারটেল একীভূতকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা দেওয়ায় সংশ্লিষ্ট পব পক্ষকে ধন্যবাদ জানিয়েছে রবি আজিয়াটা লিমিটেড।
এ উপলক্ষে একীভূত কোম্পানির কর্মকর্তারা শনিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে অংশীজনদের সঙ্গে মিলিত হন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছিলেন অতিথিদের মধ্যে।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পথে রবি-এয়ারটেল একীভূতকরণকে একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করে তারানা হালিম বলেন, “আমরা নিশ্চিত, এর ফলে একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে, যাতে গ্রাহকরা লাভবান হবেন। আমার বিশ্বাস, একীভূত কোম্পানি হিসেবে রবি দেশের টেলিযোগাযোগ বাজারকে আরও সমৃদ্ধ করতে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করবে।”
মোবাইল অপারেটরদের সেবার মান নিশ্চিত করতে নেটওয়ার্কে আরও বিনিয়োগ এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী সেবা দেওয়ার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আমি মনে করি, ই-কমার্স খাতটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত, কারণ সকল ক্ষেত্রেই আমাদের সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।”
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “একীভূতকরণ প্রক্রিয়া সফল করার জন্য আমরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তার কার্যালয়ের সব কর্মীকে ধন্যবাদ জানাই।
“এছাড়া স্বচ্ছ ও পেশাদারি দৃষ্টিভঙ্গি নিয়ে একীভূতকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে অকুণ্ঠ সমর্থন দেওয়ায় আমরা ধন্যবাদ জানাই বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ তার কার্যালয়ের কর্মীদের। একীভূতকরণের সাহায়ক আবহ তৈরি করার জন্য গণমাধ্যমের বন্ধুদেরও ধন্যবাদ জানাই।”
একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ২২ লাখ, যা অপারেটরের গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে। পাঁচ কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণ ফোন।
এখন রবি’র অর্ধেকের বেশি অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।
মাহতাব বলেন, “একীভূত কোম্পানির মাধ্যমে নেক্সট জেনারেশন ডিজিটাল কোম্পানি হিসেবে আবির্ভূত হওয়ার পাশাপাশি দেশের সেরা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করছি আমরা। আমাদের শুধু প্রয়োজন আপনাদের অব্যাহত সহযোগিতা ও প্রেরণা।”
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খানসহ ব্যবসায়ী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
