২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূতকরণ: বিটিআরসিকে ৩১৮ কোটি ৫২ লাখ টাকা দিল রবি

এয়ারটেলকে একীভূতকরণে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র পাওনার একটি বড় অংশ পরিশোধ করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 10:15 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

বিটিআরসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি-এয়ারটেল একীভূত সংক্রান্ত ফি এবং আনুষাঙ্গিক স্পেকট্রাম (তরঙ্গ) সমন্বয় ফি বাবাদ পাওনা ৪২৭ কোটি ৩৫ লাখ টাকার মধ্যে ৩১৮ কোটি ৫২ লাখ টাকা পরিশোধ করেছে রবি।

বিটিআরসি কার্যালয়ে সংস্থার প্রধান শাহজাহান মাহমুদের কাছে এই টাকার চেক হস্তান্তর করেন রবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপলস অফিসার মতিউল ইসলাম নওশাদ, কোম্পানি সেক্রেটারি ও নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট (রেগুলেটরি অ্যাফেয়ার্স) মোহাম্মদ শাহেদুল আলম এবং এয়ারটেল’র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা এ সময় উপস্থিত ছিলেন।

বিটিআরসি জানায়, রবি-এয়ারটেল একীভূত হওয়ার প্রক্রিয়ায় ফি বাবদ ১০০ কোটি টাকা এবং তরঙ্গ সমন্বয় বাবদ ৩০৭ কোটি টাকা ধার্য হয়, যা ভ্যাট ও ট্যাক্সসহ ৪২৭ কোটি ৩৫ লাখ টাকায় দাঁড়ায়।

এই টাকা এককালীন অথবা তিন কিস্তিতে পরিশোধের জন্য নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। অবশিষ্ট ১০৮ কোটি ৮৩ লাখ টাকা রবি দুই কিস্তিতে পরিশোধ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত বুধবার একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে মোবাইল ফোন অপারেটর রবি ও এয়ারটেল। রবি আজিয়াটা লিমিটেড নামেই চলছে তাদের ব্যবসা। রবি’র পাশাপাশি কোম্পানির একটি স্বাধীন ব্র্যান্ড হিসেবে রয়েছে ‘এয়ারটেল।

একীভূতকরণ শেষে বর্তমানে অপারেটরটির মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ২২ লাখ, যা বাংলাদেশে অপারেটরের গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে। পাঁচ কোটির বেশি গ্রাহক নিয়ে শীর্ষে আছে গ্রামীণ ফোন।

রবি বলছে, একীভূত হওয়ার ফলে দেশজুড়ে তাদের ‘সবচেয়ে’ বিস্তৃত নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল ইন্টারনেট সেবায় আরও শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।

একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবি’র অর্ধেকের বেশি অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা। ভারতী এয়ারটেলের ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিক জাপানের এনটিটি ডোকোমো।

পুরনো খবর:

এক হল রবি-এয়ারটেল
আদালতের সায় পেল রবি-এয়ারটেল
একীভূতকরণ বাজারে টিকে থাকারই কৌশল: আজিয়াটা প্রেসিডেন্ট