এয়ারটেল কর্মীদের বরণ করে নিল একীভূত কোম্পানি রবি
এয়ারটেল থেকে একীভূত কোম্পানি রবিতে যোগ দেওয়া কর্মীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানাল আজিয়াটা ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মঙ্গলবার এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে নতুন কর্মীদের স্বাগত জানাতে রবির ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সঞ্চালক হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।
বুধবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম, সচিব মো. ফাইজুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ভিডিও বার্তায় রবিকে অভিনন্দন জানান।
নতুন উদ্যমে নতুন যাত্রা শুরু করায় ভিডিও বার্তায় রবি পরিবারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
এছাড়া ভিডিও বার্তার মাধ্যমে আজিয়াটার প্রেসিডেন্ট এবং গ্রুপ সিইও তান শ্রী জামালুদিন ইব্রাহিমও রবির উদ্দেশে তার বক্তব্য রাখেন।
আজিয়াটার প্রধান তার ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ বাজার যথেস্ট প্রতিযোগিতাপূর্ণ। একীভূতকরণের ফলে আরো উদ্ভাবনী পণ্য ও সেবা চালুর মাধ্যমে আমরা ব্যবসা প্রসারের সুযোগ পাব। আমি নিশ্চিত, ভিন্ন ধারার মানসম্পন্ন সেবা প্রদান করে একীভূত কোম্পানিটি গ্রাহকদের মন জয় করতে পারবে।”
রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, “এয়ারটেলের বেশিরভাগ কর্মী একীভূত কোম্পানি রবিতে যোগ দেওয়ায় আমরা গর্বিত। আমি নিশ্চিত, আপনাদের কঠোর পরিশ্রম ও একাগ্রতায় আমরা শিগগিরই মার্কেট লিডারে পরিণত হতে পারব।”
রবির ম্যানেজমেন্ট কাউন্সিলের (এমসি) সদস্যরা এবং এয়ারটেল থেকে রবিতে যোগ দেওয়া নতুন কর্মীরা বিলুপ্ত এয়ারটেল বাংলাদেশের সিইও পিডি শর্মাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।
গত ১৬ নভেম্বর থেকে একীভূত কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে রবি।
বাংলাদেশে একীভূত হয়ে ব্যবসা পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর উভয় পক্ষের আলোচনা শুরুর ঘোষণার মধ্য দিয়ে একীভূতকরণের প্রক্রিয়াটি শুরু হয়েছিল।
একীভূতকরণ প্রক্রিয়া শেষে রবির সিংহভাগ অর্থাৎ ৬৮ দশমিক ৭ শতাংশ মালিকানায় রয়েছে আজিয়াটা, যেখানে ভারতী এয়ারটেলের শেয়ার ২৫ শতাংশ। বাকি ৬ দশমিক ৩ শতাংশের মালিকানায় রয়েছে জাপানের এনটিটি ডোকোমো।
