ঢাকায় ‘ডিজিটাল মার্কেটিং’ সম্মেলন ২৬ সেপ্টেম্বর
বিশ্বের বিভিন্ন প্রান্তে চলতে থাকা ‘দি বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং’ সম্মেলনের ঢাকার আসর বসতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর।
সোমবার বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপি লিও বার্নেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউটে হবে এ সম্মেলন।
আরেকটি এজেন্সি ‘মাইটি বাইট’র সঙ্গে মিলে এই আয়োজন বাংলাদেশে আনছে বিটপি লিও বার্নেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলন থেকে সোশাল মিডিয়া, মোবাইল মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, বিগ ডেটা এবং রিয়েল টাইম মার্কেটিংসহ ডিজিটাল মার্কেটিংয়ের প্রায় সব দিক সম্বন্ধে জানা যাবে।
বেস্ট মার্কেটিংয়ের ওয়েবসাইটের http://best-marketing.eu/events/bangladesh লিঙ্কে সম্মেলনে অংশগ্রহণেচ্ছুকদের রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন ফি প্রতিজনে সাড়ে ৭ হাজার টাকা।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের পুরস্কারজয়ী ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের কেস স্টাডি নিয়ে জার্মানির মিডিয়াকম বিয়ন্ড অ্যাডভার্টাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নর্ম্যান ওয়্যাগনার, দক্ষিণ আফ্রিকার মোবিটেইনমেন্ট’র মহাব্যবস্থাপক কার্মেন মারে্য, এস্তোনিয়ার বেস্ট মার্কেটিং ইন্টারন্যাশনাল প্রধান নির্বাহী কর্মকর্তা হান্ডো সিনিসালু এবং ভারতের ইন্টারফেস বিজনেস সলিউশনের(আইবিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা বিক্রম ভাস্কর গঙ্গোপাধ্যায় আলোচনা করবেন।
‘দি বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ট্যুর ২০১৬’-এর অংশ হিসাবে অনুষ্ঠিত হচ্ছে দি বেস্ট অফ ডিজিটাল মার্কেটিং সম্মেলন। গত জানুয়ারিতে লাটভিয়ার রাজধানী রিগাতে শুরু হয়ে আমস্টারডাম, ইস্তাম্বুল, ম্যানিলা ও কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এ সম্মেলন।
