Published : 03 Aug 2016, 07:42 PM
বুধবার আপিল বিভাগের এক রায়ে চারশ কোটি টাকা আয়কর পরিশোধের আদেশ হওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ তথা বিশ্বের বৃহত্তম এনজিওটি।
“এই রায়ের ফলে দেশজুড়ে চলমান ব্র্যাকের মানবসেবামূলক কর্মসূচিতে বা কর্মসূচিসমূহের সেবাগ্রহীতাদের উপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়বে না,” বলা হয় বিবৃতিতে।
বার্ষিক একশ কোটি ডলার ব্যয় এবং লক্ষাধিক কর্মী নিয়ে বিশ্বের বৃহত্তম এনজিও বাংলাদেশের ব্র্যাক। ১৯৭২ সালে বাংলাদেশে শুরুর পর এখন বিশ্বের আরও ১১টি দেশে এই এনজিওটির কার্যক্রম বিস্তৃত।
ব্র্যাকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৩ কোটির বেশি মানুষ তাদের সেবার আওতায় রয়েছে। এর কমিউনিটি স্বাস্থ্যকর্মী রয়েছে ১ লাখের বেশি, বিদ্যালয় রয়েছে ৪৮ হাজার, ঋণগ্রহীতা রয়েছে ৫৩ লাখ।
গত ১১টি করবর্ষের জন্য আয়কর বাবদ কর আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা পরিশোধের সিদ্ধান্ত বহাল রেখে বুধবার রায় দিয়েছে আপিল বিভাগ।
কর আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে ব্র্যাকের আবেদনে হাই কোর্ট বলেছিল, এনজিওটি ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য।
তবে আপিল বিভাগ হাই কোর্টের ওই রায় বাতিল করেছে।
বিবৃতিতে বলা হয়, “হাই কোর্ট ২০১৪ সালে দাতব্য সংস্থা হিসেবে ব্র্যাকের সামাজিক উদ্যোগসমূহের আয়কে আয়করের আওতামুক্ত করে রায় দেন। এখানে উল্লেখ্য যে, ব্র্যাক প্রতিষ্ঠিত সামাজিক উদ্যোগসমূহ থেকে লব্ধ অর্থ সামাজিক উন্নয়ন খাতে ব্যয়িত হয়ে থাকে।”
ব্র্যাক সবসময়ই আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে এতে বলা হয়, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে রিভিউ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।