Published : 13 Jun 2026, 01:04 PM
গোপালগঞ্জ সদর উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোপালগঞ্জ সদর থানার এসআই শফিকুল ইসলাম।
নিহত শাহিন শেখ (১৮) উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
এসআই শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শাহিন নিখোঁজ ছিলেন। পরে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে পায়নি।
এদিন সকালে এলাকাবাসী শাহিনের লাশ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।