ব্যাংকের ‘ব্যবসাকেন্দ্র স্থাপন নীতিমালা’য় পরিবর্তন
ব্যাংকগুলোর ব্যবসাকেন্দ্র স্থাপন সংক্রান্ত নীতিমালায় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
পরিবর্তিত নীতিমালায় এখন থেকে কোনো ব্যাংক সর্বোচ্চ ২০ বছর মেয়াদে ভবন বা ফ্লোর স্পেস ভাড়া বা ইজারা নিতে পারবে।
এতোদিন এ সময়সীমা সর্বোচ্চ ১০ বছর বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে সংস্থাটি।
এর আগেও বিভিন্ন সময় এই সার্কুলারের পরিবর্তন-পরিবর্ধন করা হয়েছে।
সর্বশেষ পরিবর্তনের পর শহর এলাকায় ৬ হাজার বর্গফুট এবং পল্লী এলাকায় তিন হাজার বর্গফুট পর্যন্ত ভবন/ফ্লোর স্পেস ভাড়া বা ইজারা নিয়ে শাখা স্থাপন করতে পারবে ব্যাংকগুলো।
এতোদিন শহর এলাকায় ৫ হাজার এবং পল্লী অঞ্চলে ২ হাজার বর্গফুট পর্যন্ত ভবন/ফ্লোর স্পেস ভাড়া বা ইজারা নিয়ে শাখা স্থাপন করার বাধ্যবাধকতা ছিল।
দীর্ঘ মেয়াদে ভাড়া বা ইজারা চুক্তির সুবিধার কথা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
পরিবর্তিত নীতিমালায় এখন থেকে সব মেট্রোপলিটন এলাকা/ সিটি করপোরেশন ও ‘ক’ শ্রেণিভুক্ত পৌরসভায় স্থাপিত শাখা ‘শহর শাখা’ এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণিভুক্ত সকল পৌরসভা ও ইউনিয়ন এলাকায় স্থাপিত শাখা ‘পল্লী শাখা’ হিসেবে গণ্য হবে।
এছাড়া ২০১২ সালের নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও সার্কুলারে উল্লেখ রয়েছে।
