বিদেশি জাহাজের ‘ওপেন রেজিস্ট্রেশন’ প্রথা বাতিল
বিদেশি মালিকানার সমুদ্রগামী জাহাজ বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যে ‘ওপেন রেজিস্ট্রেশন’ পেত, তা বাতিল করেছে সরকার। তবে কোন পদ্ধতিতে এসব জাহাজকে নিবন্ধন দেওয়া হবে- সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সোমবার জাতীয় সংসদে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘বিদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজ নিবন্ধন প্রথা বা ওপেন রেজিস্ট্রি চালু সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহারের’ প্রস্তাব অনুমোদন পায়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ১৯৮৯ সালের এক সিদ্ধান্ত অনুযায়ী বিদেশি মালিকানাধীন সব জাহাজ বাংলাদেশে এলে ‘ওপেন রেজিস্ট্রেশন’ পেত।
“তাতে কিছু সমস্যা তৈরি হয়। কখনও কখনও তারা ক্রাইমে জড়িয়ে যায়। তখন তাদের শনাক্ত করতে হয়, গ্রেপ্তার করতে হয়। এসব সমস্যার জন্য সরকার স্ট্যাটাস পরিবর্তন করতে চাইছে।”
সমুদ্রগামী জাহাজ নিবন্ধনে বিশ্বে ‘ক্লোজড’, ‘ওপেন’ এবং ‘মিক্সড’- এই তিন ধরনের নিবন্ধন পদ্ধতি চালু রয়েছে জানিয়ে শফিউল বলেন, এর মধ্যে ‘ক্লোজড’ ও ‘মিক্সড’ রেজিস্ট্রেশনেরই প্রচলন বেশি।
“আমাদের আগে যেটা প্রথা ছিল (ওপেন রেজিস্ট্রেশন পদ্ধতি) তা থেকে সরে এসেছি। আগের সিদ্ধান্ত বাতিল করে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন পদ্ধতিতে যাব।”
বাংলাদেশে যে পদ্ধতিতে এতোদিন বিদেশি মালিকানাধীন জাহাজের নিবন্ধন দেওয়া হচ্ছিল- তা পানামা, লাইবেরিয়ার মতো কয়েকটি মাত্র দেশে প্রচলিত রয়েছে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।
তিনি বলেন, “আগের পদ্ধতি বাতিল করে এখন আমরা নতুনভাবে সিদ্ধান্ত নেব। যেখানে ক্লোজড রেজিস্ট্রেশন দরকার সেখানে ক্লোজড রেজিস্ট্রেশন হবে। আর যেখানে মিক্সড রেজিস্ট্রেশন দরকার সেখানে মিক্সড রেজিস্ট্রেশন হবে। আমাদের সুবিধার দিকে তাকিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।”
