পঁচিশে মার্চে ‘আলোর যাত্রা’য় গ্রামীণফোন
বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক পঁচিশে মার্চের কালরাত স্মরণে ‘আলোর যাত্রা’র ঘোষণা দিয়েছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
বৃহস্পতিবার অপারেটরটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মানিক মিয়া অ্যাভিনিউতে এ ২৫শে মার্চ রাত সাড়ে ১০টায় শুরু হবে ‘আলোর যাত্রা’।
স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ২৫শে মার্চের কালরাতের শোককে সামনে এগিয়ে যাবার শক্তিতে পরিণত করার উদ্দেশ্যে গ্রামীণফোন এ উদ্যোগ নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে জানানো হয়, আলোর জয়োৎসবের এই কর্মসূচিতে দেশের সকল ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ একাত্মতা প্রকাশকারী লক্ষাধিক মানুষ এবং গ্রামীণফোনের সকল কর্মী প্রদীপ হাতে অংশ নিতে যাচ্ছেন।
পাকিস্তানি সেনাবাহিনীর নিষ্ঠুর বর্বরতার স্বাক্ষী আমাদের মহান মুক্তিযোদ্ধারা ২৫শে মার্চ কালো রাতে ঘুমন্ত বাঙালির ওপর পাকিস্তানিদের হামলার চাক্ষুস অভিজ্ঞতার কথা স্মরণ করবেন।
একইসাথে তারা বলবেন বাঙালির জেগে ওঠার সেই গল্প যেভাবে বাঙালি সব ভয় ও হতাশা কাটিয়ে উঠে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জন করে নিয়েছিল নিজেদের স্বাধীনতা।
এ অনুষ্ঠানে সবাইকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে গ্রামীণফোনের বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ৪৪ বছরে সব বাধার বিপরীতে বিশ্বের বুকে বাংলাদেশ নিজেকে অর্থনৈতিকভাবে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ জাতি হিসেবে পরিণত করেছে।
“এ সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে বাঙালিদের হৃদয়ে স্বাধীনতার চেতনাকে জাগিয়ে রাখতে হবে। স্বাধীনতার এ প্রজ্জ্বলন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এটাই হবে এ উদ্যোগের মূলবার্তা।”
