বিজিএমইএ এর দায়িত্বে নতুন কমিটি
তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এর পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন সিদ্দিকুর রহমানের নেতৃত্বাধীন নতুন কমিটি।
তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সমঝোতার মাধ্যমে নির্বাচিত এই নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের পরিচালনায় থাকবেন।
মঙ্গলবার সংগঠনের ৩২তম বার্ষিক সভায় বিদায়ী সভাপতি আতিকুল ইসলামের কাছ থেকে নতুন কমিটি এই দায়িত্ব নেয়।
বিজিএমইএ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বার্ষিক সভার প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আতিকুল ইসলাম, আর দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নতুন সভাপতি সিদ্দিকুর রহমান।
সভায় ২০১৪ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাসের পর ২০১৫ সালের বাজেট অনুমোদন হয়।
অন্যদের মধ্যে নতুন কমিটির প্রথম সহ-সভাপতি মঈন উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি এস. এম. মান্নান (কচি), সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), সহ-সভাপতি ফেরদৌস পারভেজ বিভন এবং সহ-সভাপতি মো. ফেরদৌস উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন বিজিএমইএর সদস্য প্রতিষ্ঠানের মনোনীত ব্যক্তিরাও।
