২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশ দিয়ে কেনা যাচ্ছে কোরবানির পশু

হাটে ক্যাশ আউটের দৈনিক লেনদেন সীমা প্রযোজ্য হবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 10:37 PM

Updated : 27 Jun 2023, 06:27 PM

এবার ঢাকা ও চট্টগ্রামের ১১টি হাটে বিকাশ গ্রাহকরা কোরবানির পশুর মূল্য ও হাসিল পরিশোধের সুযোগ পাচ্ছেন। 

সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামের হাটগুলোতে বিকাশ পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। 

এবার ঢাকার গাবতলী, বছিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা, উত্তরা দিয়াবাড়ি, মিরপুর ইস্টার্ন হাউজিং, ঢাকা পলিটেকনিক মাঠ, কাঁচকুড়া রহমান নগর (৪৪ নম্বর ওয়ার্ড) এবং চট্টগ্রামের সাগরিকা ও নূর নগর পশুর হাটে ক্যাশ টাকা ছাড়াই বিকাশ পেমেন্টে কোরবানির পশু কেনা যাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগদ টাকায় কোরবানির পশু কিনলেও হাসিলের টাকা বিকাশে পরিশোধ করার ব্যবস্থা রাখা হয়েছে। হাটের নির্দিষ্ট স্থানে দেওয়া বিকাশের কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই হাসিল পরিশোধ করতে পারবেন ক্রেতারা। 

পশুর হাটে বিক্রেতা ও ইজারাদারদের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ করে দিতে হাটেই ‘পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট’ খোলার ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে হাটের জন্য খোলা এই বিশেষ অ্যাকাউন্টগুলোর ক্যাশ আউটের দৈনিক লেনদেন সীমা প্রযোজ্য হবে না। 

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, হাটকেন্দ্রিক ক্যাশ টাকার নির্ভরতা কমানো, ক্রেতা ও বিক্রেতাদের টাকার নিরাপত্তা ও প্রতারণামূলক কর্মকাণ্ড ঠেকাতে গত বছর থেকে ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।