১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গাজীপুরের সিটি মেডিকেলের গভর্নিং বডি পুনর্গঠন স্থগিত, হাই কোর্টের রুল

গভর্নিং বডি পুনর্গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জারি করা স্মারকের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছিলেন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 10:14 PM

Updated : 10 Nov 2026, 10:14 PM

মেয়াদ শেষ হওয়ার আগেই গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডি পুনর্গঠন এবং নতুন চেয়ারম্যান মনোনয়ন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জারি করা স্মারকের কার্যকারিতা স্থগিত করেছে হাই কোর্ট।

বিশ্ববিদ্যালয়টির নেওয়া ওই সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছে আদালত।

মঙ্গলবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয় (উপাচার্য ও কলেজ পরিদর্শক), গভর্নিং বডির নতুন মনোনীত চেয়ারম্যান এস এম বদরুদ্দোজা, বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন।

গত ৫ নভেম্বর সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল লিমিটেডের পরিচালক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফ বিশ্ববিদ্যালয়ের জারি করা স্মারকটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।

তাতে বলা হয়, বিদ্যমান গভর্নিং বডির মেয়াদ ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রয়েছে। কোনো কারণ দর্শানো নোটিশ দেওয়া কিংবা বর্তমান কমিটি বাতিল না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ অক্টোবর বেআইনিভাবে নতুন গভর্নিং বডি পুনর্গঠন করে স্মারক জারি করে, যা প্রাকৃতিক ন্যায়বিচারের পরিপন্থি।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন ২০২২-এর ১৮(২) ধারার কথা তুলে ধরে আবেদনে বলা হয়, নিয়ম অনুযায়ী চেয়ারম্যানকে উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হতে হবে এবং উদ্যোক্তাদের মধ্য থেকে মোট ৫০ শতাংশ ওই গভর্নিং বডিতে থাকতে হবে। কিন্তু এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেআইনিভাবে চেয়ারম্যান ও অন্যান্য সদস্য মনোনয়ন দিয়েছে।

নতুন চেয়ারম্যানের মনোনয়নের বিষয়ে রিটে বলা হয়, “যাকে নতুন চেয়ারম্যান করা হয়েছে, তিনি ২০১৭ সালেই তার সব শেয়ার বিক্রি করে এবং পদত্যাগ করে কলেজের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন। তাই তাকে পুনরায় প্রতিষ্ঠাতা হিসেবে দেখিয়ে চেয়ারম্যান মনোনয়ন দেওয়া সম্পূর্ণ এখতিয়ারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত।”