বিদেশ থেকে আয়; উৎসে কর জমা দেওয়ার ব্যাংক হিসাব জানাল এনবিআর
প্রাপকের হিসাবে অর্থ জমা হওয়ার আগে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখতে হবে ব্যাংককে।
আয়কর আইন-২০২৩ অনুযায়ী সেবা ও রেভিনিউ শেয়ারিংয়ের মতো আয়সহ সব ধরনের ব্যবসায়িক আয় দেশে আনতে ১০ শতাংশ কর দিতে হবে। উৎস কর হিসেবে কেটে নেওয়া এ অর্থ সরকারি কোন ব্যাংক হিসাব নম্বরে জমা করতে হবে, তা নির্ধারণ করে দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কর অঞ্চল-১১ এর নির্ধারণ করে দেওয়া কোডের বিপরীতে কেটে রাখা উৎসে কর জমা করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার হিসাব নম্বরগুলো বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সেবা ও রেভিনিউ শেয়ারিং বাবদ আয় দেশে আনতে প্রাপকের হিসাবে জমা হওয়ার আগে ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখতে হবে।
ব্যক্তি ও কোম্পানির আয়ের বিপরীতে কেটে রাখা উৎস কর পৃথক পৃথক ব্যাংক হিসাবে নম্বরে জমা দিতে হবে।
প্রবাসী আয় ছাড়া অন্য যে কোনো ধরনের ব্যবসায়িক আয়, সেবা খাতের আয় বা বিদেশে বিনিয়োগকৃত অর্থের বিপরীতে প্রাপ্ত ডিভিডেন্ডসহ যে কোনো ধরনের আয় দেশে আনতে প্রাপকের ব্যাংক হিসাবে তা জমা হওয়ার পূর্বে ১০ শতাংশ উৎস কর কেটে নেওয়ার বিধান আগেও ছিল। ব্যাংকগুলো এ অর্থ কেটে রাখত। নতুন সিদ্ধান্তে এনবিআর জানিয়েছে, এখন থেকে এসব খাত থেকে পাওয়া আয় থেকে কাটা উৎসে কর নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
