২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক বন্দরের ধারণা নিতে ভিয়েতনামে নৌপ্রতিমন্ত্রী

পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নে জেমলিংক বন্দর সম্পর্কে ধারণা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

Published : 11 Oct 2023, 10:03 PM

Updated : 11 Oct 2023, 10:03 PM

আধুনিক বন্দরের পরিকল্পনা, উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের জন্য ভিয়েতনামে গেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বুধবার তিনি সেখানকার জেমালিংক ইন্টারন্যাশনাল বন্দর পরিদর্শন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, নৌ প্রতিমন্ত্রীর সঙ্গে পায়রা বন্দরের একটি প্রতিনিধিদলও আছে। পরিদর্শনের সময় প্রতিনিধিদলকে স্বাগত জানান জেমালিংক ইন্টারন্যাশনাল বন্দরের সিইও বেনোয়েট ক্লেন।

এ সময় উপস্থিত ছিলেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মুহাম্মদ মনিরুজ্জামান, পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম, প্রফিসিয়েন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, রয়েল হাস্কনিঙয়ের বাংলাদেশ প্রতিনিধি সেবাস্তিয়ান এন্টনি হালসবার্গেন।

জেমালিংক ইন্টারন্যাশনাল বন্দর পরিদর্শন করে যে জ্ঞান মিলবে তা পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি জানান, পায়রা বন্দর মাস্টারপ্ল্যান প্রণয়নের ব্যয় হবে ১২৫ কোটি টাকা। এই প্ল্যান প্রণয়নে বুয়েটের বিআরটিসির সঙ্গে নেদারল্যান্ডসের রয়েল হাস্কনিঙ এবং বাংলাদেশে তাদের সহায়ক কোম্পানি প্রফিসিয়েন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিমিটেড কাজ করছে।