১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাফল্যের ১২ বছর’ উদযাপন নভোএয়ারের

১২ বছরে এক লাখের বেশি ফ্লাইটে সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে এ কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 08:59 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উদযাপন করেছে বেসরকারি উড়োজাহাজ সেবার কোম্পানি নভোএয়ার। 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার বলেছে, ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল তারা। এরপর ১২ বছরে এক লাখের বেশি ফ্লাইট চালিয়ে সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে তারা সেবা দিয়েছে।

দেশের ‘প্রথম’ এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার যাত্রীদের জন্য চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, কো-ব্রান্ডেড কার্ড, টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা।

ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “নিরাপত্তা এবং সেবা- এই মন্ত্রে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

“নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে আকাশপথে ভ্রমণে নভোএয়ার সবার কাছে একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের অঙ্গীকার হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীদের আরও  উন্নত সেবা প্রদান।”

ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন ‘দি বাংলাদেশ মনিটরের’ বিচারে ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স’ হিসেবে পুরস্কৃত হয় নভোএয়ার।

বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ থাকলেও তা পুনরায় চালুর আশা প্রকাশ করেছে এ কোম্পানি।