২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্প পুরস্কার পেল ২১ প্রতিষ্ঠান

জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ছয়টি ক্যাটাগরিতে খাত ও উপখাতে ভাগ করে ২০২২ সালের জন্য এ পুরস্কার দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2024, 12:51 AM

Updated : 26 Aug 2026, 09:44 AM

জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ছয়টি ক্যাটাগরিতে খাত ও উপখাতে ভাগ করে ২০২২ সালের জন্য শিল্প পুরস্কার দেওয়া হয়েছে ২১টি প্রতিষ্ঠানকে।

এর বাইরে এবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হয়।

শনিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন-এনপিও গত কয়েকবছর ধরে নিয়মিত ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়ে আসছে। 

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি মোকাবেলা করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এজন্য সরকার নতুন বাজেটে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণ করেছে, যার মাধ্যমে মূল্যেস্ফীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে।

তিনি আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদনের দিকে মনোনিবেশ করার কথা বলেন।

পুরস্কার পেল যারা

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে তৈরি পোশাক উপখাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড এবং স্কয়ার ফ্যাশন্স লিমিটেড।

টেক্সটাইল উপখাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে গ্রিন টেক্সটাইল লিমিটেড, ফোর এ ইয়ার্ন ডায়িং লিমিটেড এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে শনিবার শিল্প পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে শনিবার শিল্প পুরস্কার বিজয়ীদের সঙ্গে অতিথিরা।

খাদ্য ও পানীয় উপখাতে ইস্পাহানি টি লিমিটেড এবং ওষুধ ও রসায়ন উপখাতে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ইস্পাত, প্রকৌশল ও সেবা শিল্প উপখাতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে বঙ্গ বিল্ডিং মেটেরিয়াল লিমিটেড এবং মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে তৈরি পোশাক উপখাতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড এবং শান্তা এক্সপ্রেশন্স লিমিটেড। 

ওষুধ উপখাতে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে বায়োফার্মা লিমিটেড এবং গেট ওয়েল লিমিটেড।

ইস্পাত ও প্রকৌশল উপখাতে পুরস্কার পেয়েছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে শেলটেক হোল্ডিংস লিমিটেড, রংপুর ফাউন্ডি লিমিটেড এবং আদজি ট্রিমস লিমিটেড।

মাইক্রো শিল্প, কুটির শিল্প ও রাষ্ট্রায়ত্ত শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে যথাক্রমে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, রুপকথা ফ্যাশন এবং কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম, এনপিওর মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। 

পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য দেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ্।