২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডব্লিউআইও অ্যাওয়ার্ড পেলেন নগদের ডেপুটি সিএমও সোলায়মান সুখন

সম্প্রতি শ্রীলংকার তাজ সমুদ্র কলম্বোয় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ী ও তারকাদের উপস্থিতিতে ২০২৪ সালের অ্যাওয়ার্ড দেয় বিডব্লিউআইও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2024, 07:00 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

মোবাইল আর্থিক সেবা নগদের ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় দ্য বিজনেস ওয়ার্ল্ড ইন্টার‌ন্যাশনাল অর্গানাইজেশন (বিডব্লিউআইও) ইন লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছেন প্রতিষ্ঠানটির ডেপুটি চিফ মার্কেটিং অফিসার (ডেপুটি সিএমও) মোহাম্মাদ সোলায়মান (সুখন)।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণদের অনুপ্রাণিত করা, ব্যবসা সম্প্রসারণে অভিনব চিন্তা ও তার সফল প্রয়োগ ঘটিয়ে তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন। 

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি শ্রীলংকার তাজ সমুদ্র কলম্বোয় বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ী ও তারকাদের উপস্থিতিতে ২০২৪ সালের অ্যাওয়ার্ড দেয় বিডব্লিউআইও। 

এতে প্রধান অতিথি ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন। এছাড়া শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক আরিফুল ইসলামসহ দেশি-বিদেশি অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন। 

অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি জানিয়ে মোহাম্মাদ সোলায়মান (সুখন) বলেন, “যেকোনো স্বীকৃতিই আনন্দের। যখন আমাদের কাজের ইতিবাচক প্রভাব অন্য দেশের কেউ লক্ষ্য করে এবং স্বীকৃতি দেয় এবং কথা শুনতে চায়, সেটি অবশ্যই একটি আনন্দের বিষয় আমার ও নগদের জন্য।”

তিনি বলেন, “শ্রীলংকার মানুষ বাংলাদেশের বিষয়ে দারুণ ইতিবাচক। বিশেষ করে দ্বীপ দেশটির কঠিন সময়ে বাংলাদেশের অবদান তাদের আতিথেয়তা দেখে বুঝতে পেরেছি। আশা করি এই সম্পর্ক অটুট থাকবে। এই স্বীকৃতির ফলে আরো কিছু ইতিবাচক কাজ করতে পারব বলে আশা করি।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড বিডব্লিউআইও, যা যুক্তরাষ্ট্রের বিজনেস ওয়ার্ল্ড ইন্টার‌ন্যাশনাল অরগানাইজেশন আইএনসির মাধ্যমে পরিচালিত। 

প্রতিষ্ঠানটি বৈশ্বিক ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় দক্ষতার ক্ষেত্রে এবং বিভিন্ন প্রতিবন্ধকতা জয় করা উদ্যোক্তাদের স্বীকৃতি দিয়ে থাকে।

প্রতিবছর অন্তত ৩০টি ক্যাটাগরিতে পুরস্কার দেয় বিডব্লিউআইও। এরমধ্যে স্টার্টআপ, টেকসই উন্নয়ন, বিভিন্ন ব্যতিক্রমী পেশাদার- যারা নিজ নিজ জায়গায় দক্ষতার সাথে কাজ করছেন এবং সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখছেন, তাদের স্বীকৃতি দেয় এই প্রতিষ্ঠান।